দু’এক দিনের মধ্যে বিরোধী দলকে সংলাপের প্রস্তাব দেবে আওয়ামী লীগ

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:২৭
দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিয়ে অচিরেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে প্রধান বিরোধীদল বিএনপির সংলাপের সম্ভাবনা দেখা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের জানান, দু’একদিনের মধ্যে বিএনপিকে সংলাপে বসার জন্য সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দেবে। তিনি জানান, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে প্রয়োজনে দুই দলের শীর্ষ পর্যায়ে দুই নেত্রীর মধ্যে আলোচনা হবে। এর আগে গতকাল সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গণভবনে ঝালকাঠি জেলা তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতাকালে বিরোধীদলকে সংলাপে বসার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এ আহ্বানের জবাবে বিকালে বিএনপির পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, আগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি মেনে নেয়ার ঘোষণা দিতে হবে। পরে সরকার লিখিত প্রস্তাব দিলে বিএনপি আলোচনায় বসবে। সৈয়দ আশরাফ বলেন, সংলাপের যে ডাক প্রধানমন্ত্রী দিয়েছেন, সে বিষয়ে প্রতিক্রিয়া খালেদা জিয়ার মুখেই শুনতে চায় সরকার। বিএনপি রাজি হলে তাদের চাওয়া অনুযায়ী সংলাপের আনুষ্ঠানিক প্রস্তাব দু’-এক দিনের মধ্যে দেয়া হবে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রীর বক্তব্যের যে প্রতিক্রিয়া দিয়েছেন সে প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, যার (দুদু) নাম আপনারা বলছেন, তিনি এ কথা বলার কর্তৃত্ব রাখেন না। কে কী বলছে, তার ওপর নির্ভর করে কথার গুরুত্ব। প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে আহ্বান জানিয়েছেন। আশা করি, বিরোধী দলীয় নেতার কাছ থেকেই জবাব পাবো। আশরাফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ আহ্বান জানিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি, কবে তারা রাজি হবে। আমরা কাল-পরশুর মধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করবো। সংলাপে ফল আসবে আশা করে আশরাফ বলেন, আলোচনা বিভিন্ন ধরনের হতে পারে। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক। বিভিন্নভাবে আলোচনা হয়। আশা করি, আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনের সমস্ত বিষয় নিয়ে মতৈক্যে পৌঁছতে পারবো। দুই দলের শীর্ষ পর্যায়েও সংলাপ হতে পারে আভাস দিয়ে তিনি বলেন, আলোচনা দীর্ঘায়িত হবে না বলেও তিনি প্রত্যাশা করছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি ফিরে আসবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আশরাফুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে। এ ব্যবস্থা আর ফিরে আসবে না। তবে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপে বসলে এ সমস্যা সমাধান করা খুব বেশি জটিল কোনো সমস্যা নয়। আলোচনার মাধ্যমে একটি অবস্থানে পৌঁছানো যাবে। হেফাজতে ইসলামের ৫ মে’র ঢাকা অবরোধ কর্মসূচি নিয়ে সরকার ‘চিন্তিত’ নয় উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, হেফাজত ও মৌলবাদী সংগঠন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর হুমকি, এটা বিরোধী দলীয় নেতাও উপলব্ধি করেছেন।