একাধিক মামলায় বিএনপির ৬ শীর্ষ নেতার জামিন

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:২৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসসহ ছয় কেন্দ্রীয় নেতাকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। একইসঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেয়া হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী ৮ সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। জামিনপ্রাপ্ত বিএনপির অন্য নেতারা হলেন—দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আমান ও রিজভীর বিরুদ্ধে আরো একটি করে মামলা থাকায় তাদের ছাড়া অপর নেতাদের মুক্তি পেতে আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীর নয়াপল্টন, শান্তিনগর মোড়, মালিবাগ, বেইলি রোড, ভিকারুন্নিসা নূন স্কুলের রাস্তায় ও শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকায় গত ২ ও ৬ মার্চ পুলিশের কর্তব্য কাজে বাধাদান, গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতাদের আসামি করে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। শুনানিকালে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন—ব্যারিস্টার রফিক-উল হক, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ। সরকারপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মমতাজউদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট খোন্দকার দিলীরুজ্জামান। শুনানিতে ব্যারিস্টার মওদুদ বলেন, রাজনৈতিক উদ্দেশে বিএনপির নেতাদের হয়রানি করতে এসব মামলা দায়ের করা হয়েছে। কারণ একই ঘটনায় নগরীর তিনটি থানায় নেতাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে। যদিও এসব মামলায় কোন সুনির্দিষ্ট অভিযোগ নেই।