নকশীকাঁথার দিন ফিরছে

আপডেট : ০৩ মে ২০১৩, ১৭:২৩
দেশের দক্ষিণ অঞ্চল থেকে বিলুপ্ত প্রায় নকশীকাঁথার কদর ফিরিয়ে আনতে উপজেলার গঙ্গারামপুর গ্রামে মাসব্যাপী শুরু হয়েছে শেলাই প্রশিক্ষণ। গ্রাম বাংলার ঐতিহ্য এই নকশীকাঁথা গৃহবধূদের গভীর ভালোবাসা দিয়ে দিনের পর দিন পরিশ্রমের পর তৈরি হয়ে থাকে। এক সময়ে বিয়ের পিড়িতে বসার আগে বরপক্ষ কনের হাতে বোনা নকশীকাঁথা দেখে কনের কদর্য বুঝে নিত। সেই কাঁথা আজ কালেরচক্রে হারাতে বসেছে। বিলুপ্ত প্রায় সেই ঐতিহ্যকে ধরে রাখতে কবিরাজ বাড়িতে বেসরকারি সংস্থা লোকজের আয়োজনে বসেছে শেলাই প্রশিক্ষণ। মোট ৬টি গ্রামের ৪৫ জন মহিলা শেলাই প্রশিক্ষণে প্রাথমিকভাবে অংশ নিয়েছেন। প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণির গৃহবধূরা অংশ নিয়ে থাকেন। আপনমনের মাধুরী মিশিয়ে সুঁই হাতে বিভিন্ন রংয়ের সুতা দিয়ে সেলাই করে নকশীকাঁথা। তারা চায় সুন্দর সুন্দর কাঁথা সেলাই করে স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন বাজার এমনকি দেশের বাইরে পাঠাতে। তাদের এই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে এবং আর্থিক সহায়তা হিসেবে ঋণ প্রদান করতে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোনায়েম খান সমপ্রতি সেলাই প্রশিক্ষণ পরিদর্শন করেন। তার দেয়া আশ্বাসে গৃহবধূরা সেলাইয়ের প্রতি আরও ঝুঁকে পড়েছেন। স্থানীয় প্রশিক্ষক রঞ্জিতা রায় ও স্মৃতিকনা মহালদারের প্রশিক্ষণে গ্রামের এসব গৃহবধূরা আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে চলেছেন। বেসরকারি সংস্থা লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার ইত্তেফাককে জানান, গ্রামের আগ্রহী গৃহবধূ এবং মেয়েরা কোন প্রকার প্রশিক্ষণ ছাড়াই এতদিন নকশীকাঁথা সেলাই করে আসছিলেন। আজ তাদের প্রশিক্ষণের আওতায় এনে আরও বেশি দক্ষ করে গড়ে তোলা সম্ভব হচ্ছে। প্রশিক্ষকদের সাথে আলাপকালে তারা জানান, যত্নবান হলে ঘরে বসেই নকশীকাঁথা সেলাই করে প্রতি মাসে ৭/৮ হাজার টাকা উপার্জন করা সম্ভব। প্রশিক্ষণার্থীরা বলেন, নকশীকাঁথা সেলাই প্রশিক্ষণে অংশ নিতে পেরে তারা খুবই খুশি। নিজেদেরকে মনে করেন একজন রুচিশীল গৃহবধূ।