রাজীবপুরে মেলা

আপডেট : ০৩ মে ২০১৩, ১৭:২৫
‘প্রযুক্তির প্রসারই কৃষি উন্নয়নের চাবিকাঠি’ এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উদ্যোগে ইন্ট্রিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্টের সহযোগিতায় তিনদিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় রাজীবপুর উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বর্ণাঢ্য এক র্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে। উদ্বোধনের পরে উপজেলা কৃষি অফিসার আকতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল লতিফ খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই কমান্ডার, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, তিন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, স্থানীয় সুধীজন, কৃষক, বিভিন্ন কৃষক সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক, গণউন্নয়ন কেন্দ্র প্রতিনিধি, ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করায় বর্তমান সরকার ও কৃষি বিভাগের প্রশংসা করেন এবং কৃষকদেরকে আধুনিক পদ্ধতি ও নতুন প্রযুক্তি ব্যবহার করে ফসল চাষাবাদে উত্সাহিত করেন। সভা শেষে অতিথি ও দর্শনার্থীরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ১২টি স্টলের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন পণ্য ও নতুন নতুন প্রযুক্তি উপস্থাপন ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়। মেলা দেখতে আসা কৃষক ইয়াছিন আলী বলেন, মেলায় আইসা নতুন কিছু কৃষি যন্ত্রপাতি দেখলাম, ফসল চাষ করার কিছু নতুন নিয়মও শিখলাম। এহন আমরা এই পদ্ধতিগুলা ব্যবহার কইরা চাষাবাদ করুম।