কম্পিউটার বিক্রির শীর্ষে চীন
সারাবিশ্বে সবচেয়ে বড় ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) বাজার ছিল যুক্তরাষ্ট্রের দখলে। তবে যুক্তরাষ্ট্রের সে বাজার দখলে নিয়েছে চীন। গত বছর চীনে বিক্রি হয়েছে ৬৯ মিলিয়ন পিসি। বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশও চীন। সেখানে ইন্টারনেটের গ্রাহক ৫০০ মিলিয়নেরও বেশি। ২০১১ সালে যুক্তরাষ্ট্রে ৬৬ মিলিয়ন পিসির জন্য অর্ডার ছিল। কম্পিউটারের বাজার বিশ্লেষণ করে জানা গেছে, উন্নত বিশ্বে ডেস্কটপ পিসি থেকে ল্যাপটপের বাজার দ্রুত বিকাশ হচ্ছে। সেখানে চীনে একই সঙ্গে ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপের চাহিদা বেড়েছে। পরামর্শক প্রতিষ্ঠান আইএইচএস’-এর কম্পিউটার প্লাটফরমের বিশ্লেষক পিটার লিন বলেন, ডেস্কটপ পিসি ও নোটবুকের চাহিদা একসঙ্গে একটি দেশে বৃদ্ধি কিছুটা অস্বাভাবিক। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারী ডেস্কটপ পিসি থেকে হালকা ল্যাপটপের দিকে ঝুঁকছে ক্রেতারা। সম্ভবত চীনের গ্রামীণ এলাকায় ডেস্কটপ কম্পিউটারের চাহিদা বেশি।
---
ফ্রান্সে বেকার ৩২ লাখ
বেকারত্বের হারে নতুন রেকর্ড করেছে ফ্রান্স। মার্চে দেশটিতে বেকারের সংখ্যা ছিল ৩২ লাখ। গত বছরের এই সময়ের তুলনায় বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ৫ শতাংশ। আর ফেব্রুয়ারির তুলনায় মার্চে বেকারত্ব বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। গত সপ্তাহে চীনে রাষ্ট্রীয় সফরের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ফান্সিস ওলাঁদ বলেছেন, এই মুহূর্তে বেকারত্বের সংখ্যা কমানোই হলো সরকারের মূল কাজ। এজন্য যা যা করা দরকার সরকার করছে। প্রত্যেকটি মন্ত্রণালয়কে চাকরির ক্ষেত্র তৈরিতে কঠোর প্রচেষ্টা করতে হবে। আমি চাই সব ফরাসি নাগরিক জাতীয় অগ্রাধিকার হিসেবে বিষয়টিতে এক থাকবে। এই বছর শেষ হওয়ার আগেই এই হার কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
---
আলিবাবা কিনেছে ওয়েইবোর ১৮ শতাংশ শেয়ার
সামাজিক যোগাযোগের মাধ্যমের ব্যবসা দ্রুতগতিতে বিকাশ লাভ করায় বিনিয়োগকারীরা ঝুঁকছে এ খাতে। সমপ্রতি চীনের সর্ববৃহত্ ইকমার্স গ্রুপ আলিবাবা নেমেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবসায়। চীনের সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ওয়েইবোর ১৮ শতাংশ শেয়ার কিনেছে আলিবাবা। এই মাধ্যমটি টুইটারের মতোই চীনে ব্যাপক জনপ্রিয়। ওয়েইবোর মোট আর্থিক মূল্য ৩ দশমিক ২ বিলিয়ন ডলার। ওই ১৮ শতাংশ শেয়ারের জন্য আলিবাবাকে দিতে হয়েছে ৫৮৬ মিলিয়ন ডলার। ওয়েইবোর প্রায় ৫০০ মিলিয়ন গ্রাহক রয়েছে। নয়া চুক্তির ফলে গ্রাহকরা আলিবাবার ইকমার্স সাইট যেমন টাওবাও এর বিভিন্ন পণ্য সহজেই দেখতে পাবে ওয়েইবো থেকে। এই দুই প্রতিষ্ঠানই জানিয়েছে, বিজ্ঞাপন ও সামাজিক বাণিজ্য সেবা খাতে আগামী তিন বছরে ওয়েইবো ৩৮০ মিলিয়ন ডলার আয় করবে।
---
সিঙ্গাপুরে কর বৃদ্ধিতে শ্রমিকরা উদ্বিগ্ন
সিঙ্গাপুরে জনশক্তি মন্ত্রণালয় সম্প্রতি অভিবাসী শ্রমিকদের জন্য কর (লেভি) পুনঃনির্ধারণ করেছে। ফলে সিঙ্গাপুরে কর্মরত বিদেশি শ্রমিকরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছে। এখন থেকে প্রতিটি কোম্পানীকে এস এস পাসধারীদের জন্য ৯০ সিঙ্গাপুরীয় ডলার কর বেশি দিতে হবে। তবে ওয়ার্ক পারমিটধারী অভিবাসীকে মাথাপিছু মেনুফেকচারিং খাতে ৫০, সার্ভিস খাতে ৯০ ও নির্মাণ খাতে ১৬০ সিঙ্গাপুরীয় ডলার দিতে হবে এবং ২০১৫ সাল পর্যন্ত এটি কার্যকর থাকবে। তবে ফার্মভেদে করের পরিমাণ কম-বেশী হতে পারে। অভিবাসী শ্রমিকদের সংখ্যা, দক্ষতা এবং কোন ধরণের প্রতিষ্ঠান তাদের নিয়োগ দিচ্ছে তার উপরে এটি নির্ভর করবে। এবারই প্রথম নির্মাণ খাতের অভিবাসী শ্রমিকদের জন্য এক হাজার সিঙ্গাপুরীয় ডলার কর নির্ধারণ করা হয়েছে এবং কোন কোম্পানী যদি অধিক পরিমাণ অদক্ষ শ্রমিক আনে তাহলে সেই ফার্মের জন্য বিশেষায়িত প্রজেক্ট নিতে হবে। এদিকে কর আদায় সংক্রান্ত বিষয়ে সাংসদ গান থিয়াম পোহের উত্থাপিত প্রশ্নের জবাবে জনশক্তি মন্ত্রী ট্যান চুয়ান জিম সংসদকে জানান, সরকার বিদেশী শ্রমিকদের কাজের প্রকারভেদে তাদের নিকট থেকে ২০১০ সালে ১ দশমিক ৯ বিলিয়ন এবং ২০১১ সালে ২ দশমিক ৫ বিলিয়ন সিঙ্গাপুরীয় ডলার কর (লেভি) আয় করেছে। তবে ২০১২ সালের লেভি আয়ের তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে সংসদে এই প্রথমবারের মতো বিদেশী শ্রমিকদের নিকট থেকে প্রাপ্ত করের পরিমাণ প্রকাশ করা হল।
পলাশ সরকার, মো. শাহাজাহান সাজু
