মাদকবিরোধী লড়াইয়ে মেক্সিকোকে সহায়তার প্রতিশ্রুতি ওবামার

আপডেট : ০৩ মে ২০১৩, ২০:৫৯
পুনরায় নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত মেক্সিকো সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পিনার সাথে বৈঠকে ওবামা মাদক বিরোধী অভিযান এবং সংঘবদ্ধ অপরাধীচক্রের সাথে লড়াইয়ে দেশটিকে সহায়তার প্রতিশ্রুতি দেন। এসময় মাদক বিরোধী লড়াইয়ে সহায়তা অব্যাহত থাকবে বলে জানান ওবামা। বৃহস্পতিবার যৌথ সাংবাদিক সম্মেলনে ওবামা দেশের অভ্যন্তরে অবৈধ মাদক এবং মেক্সিকো সীমান্তে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ওবামা বলেন, নিরাপত্তা সহায়তা অব্যাহত থাকবে, মেক্সিকোর জনগণই তাদের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করবে। তবে সহায়তার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। প্রেসিডেন্ট পিনা মাদক বিরোধী লড়াইয়ে বড় ধরনের পরিবর্তন এনেছেন। তার পূর্ববর্তী কালডেরন সরকারের আমলে মাদকচক্রের বিরুদ্ধে ব্যাপক রক্তক্ষয়ী অভিযান চালানো হয়। সেই অভিযানের সমর্থক ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপকভাবে মেক্সিকোতে প্রবেশের অনুমতি দেন কালডেরন। ২০০৭ সাল পর্যন্ত মাদক সংক্রান্ত সংঘাতে দেশটিতে ৭০ হাজার মানুষ মারা গেছে। বৈঠকে দুই নেতা অর্থনীতি, বাণিজ্য ও শিক্ষাখাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।