ভেজাল মাংস বিক্রির অভিযোগে গত তিন মাসে চীনে ৯ শতাধিক সন্দেহভাজন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অধিক মুনাফা লাভের আশায় ব্যবসায়ীরা মাংসে রাসায়নিক ব্যবহার করে আসছিল। চীনের এক সরকারি কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান শুরু হয়েছে। সিনহুয়ার খবরে বলা হয়েছে, মাংসের ওজন বাড়ানোর জন্য ব্যবসায়ীরা মাংসের ভেতরে ইনজেকশনের মাধ্যমে পানি প্রবেশ করাতো। এছাড়া হাইড্রোজের পার অক্সাইডের মতো রাসায়নিক ব্যবহার করে ইঁদুর বা শেয়ালের মাংসকে ভেড়ার মাংস হিসাবে বিক্রি করতো। সম্প্রতি চীনের পূর্বাঞ্চলীয় শহর জিয়াংসু প্রদেশে এ ধরনের বেশ কয়েকটি ঘটনার প্রমাণ পেয়েছে অভিযান পরিচালনাকারী দল। এভাবে ভেজাল মাংস বিক্রির মাধ্যমে অসত্ ব্যবসায়ীরা প্রচুর মুনাফা করতো। একটি তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ২০১১ সালের জুলাই মাস থেকে দেশটির কয়েকটি প্রদেশে এ ধরনের রাসায়নিক ব্যবহারের হার বেড়ে গেছে। প্রতিদিন ৩০০ কেজি করে ভেজাল মাংস বিক্রি করলেও প্রায় সাড়ে ছয় লাখ ডলারের অধিক মুনাফা করেছে ঐসব সন্দেহভাজন ব্যবসায়ী। খাদ্যে ভেজাল-বিরোধী অভিযান পরিচালনাকারী দল জানুয়ারি থেকে ৩৮২টি ঘটনা খুঁজে পেয়েছে। এসব ঘটনায় তারা ৯০৪ জন সন্দেহভাজন ব্যবসায়ীকে আটক করেছে এবং ২০ হাজার টন মাংস জব্দ করেছে।
