‘মৃত্যুর সময় ক্যান্সারে ভুগছিলেন নেরুদা’

আপডেট : ০৩ মে ২০১৩, ২১:০১
চিলির জনপ্রিয় ও নোবেলজয়ী কবি পাবলো নেরুদা মৃত্যু সময় ক্যান্সারে ভুগছিলেন। দেশটির ময়না তদন্ত বিশেষজ্ঞরা এই দাবি করেছেন। তবে তাদের পরীক্ষা প্রাথমিক ধাপে রয়েছে বলেও জানিয়েছেন তারা। ১৯৭৩ সালে জেনারেল অগাস্তো পিনোচেট চিলির রাষ্ট্রক্ষমতা দখলের কিছুদিনের মধ্যেই বামপন্থী কবি নেরুদা মারা যান। বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, গুপ্তচরদের বিষ প্রয়োগে নেরুদা মৃত্যুবরণ করেছেন। আর এই অভিযোগ তদন্তে নেরুদার দেহাবশেষ তুলে সেটি পরীক্ষা করা হচ্ছে। তবে ধারণা করা হয় নেরুদা প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। ময়না তদন্তের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে তার ক্যান্সার গুরুতর পর্যায়েই ছিল। আর এ কারণে নেরুদার স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছে বলে যে আনুষ্ঠানিক প্রতিবেদন রয়েছে এটি তাই সমর্থন করছে। কিন্তু চিলির কমিউনিস্ট পার্টির হয়ে নেরুদার মৃত্যুরহস্য নিয়ে মামলা পরিচালনাকারী আইনজীবী এদুয়ার্দো কন্ট্রেরাস বলেছেন, এখনই এ বিষয়ে সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ল্যাবরেটরিতে বিষক্রিয়ার বিষয়ে পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে। তিনি আরো বলেন, ‘এটা কোনো নতুন খবর নয় যে, নেরুদা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কিন্তু সেটি যৌক্তিক হবে তার হাড়ের এক্স-রে প্রতিবেদনে ক্যান্সার ধরা পড়ার মধ্যদিয়ে।’