ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে যে কোনো শান্তি চুক্তি নিয়ে গণভোট করবেন তিনি। তার এ কথায় দু’বছর ধরে বন্ধ থাকা শান্তি আলোচনা আবারো খুব শিগগিরই শুরু হওয়ার আশা জেগে উঠেছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে নেতানিয়াহু বলেন, আমরা ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছালে তা নিয়ে গণভোট করতে চাই। এ ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা নিয়েও আমি আপনাদের সঙ্গে কথা বলব। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। সুইজারল্যান্ড যে কোনো ইস্যুতে প্রায়ই গণভোট অনুষ্ঠান করে থাকে। কিন্তু ইসরাইল ৬৫ বছরের ইতিহাসে কখনো কোনো গণভোট করেনি। প্রতিবেশী আরব দেশ মিসর এবং জর্ডানের সঙ্গে আগের শান্তি চুক্তিগুলো অনুমোদন পেয়েছে পার্লামেন্টে। নেতানিয়াহু এর আগে ২০১০ সালে ফিলিস্তিনের সঙ্গে যে কোনো শান্তি চুক্তি নিয়ে গণভোট করার কথা ভেবে দেখবেন বলে জানিয়েছিলেন। এবার তিনি গণভোট অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিলেন। এ প্রতিশ্রুতি দেয়ার মধ্যদিয়ে শান্তি চুক্তির ব্যাপারে সর্বশেষ রায় জানানোর এখতিয়ার ইসরাইলী জনগণের হাতেই রাখলেন নেতানিয়াহু। ফলে ফিলিস্তিনের সঙ্গে ভূমির বিনিময়ে শান্তি আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে কট্টর-ডানপন্থিদের কাছ থেকে আশু কোনো বাধা তিনি এড়াতে পারবেন বলেই মনে করা হচ্ছে। ইসরাইলে মধ্য-ডান জোটের নেতৃত্বে আছেন নেতানিয়াহু। এ জোটে রয়েছে অধিকৃত অঞ্চলে ইহুদি বসতি স্থাপনের সমর্থকরা। এদের অনেকেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী।
