ইউনানি চিকিৎসক হয়ে দেন এলোপ্যাথির চিকিৎসা

আপডেট : ০৮ মে ২০১৯, ১৯:৫৭

ইউনানি চিকিৎসক হয়ে এলোপ্যাথির ব্যবস্থাপত্র দিয়ে আসছেন। এই তথ্য পাওয়ার পর একটি ডায়াগনস্টিক সেন্টারে ছুটে যায় ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জরিমানা করা হয়।

ঘটনাটি ঘটে মানিকগঞ্জে। বুধবার বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ ওয়্যারলেস গেট এলাকায় সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে কর্মরত ইউনানি চিকিৎসক মো. শামীম হোসেনকে এলোপ্যাথিক ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ার অপরাধে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা ও সর্তক করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ইত্তেফাক/জেডএইচ