জীবিত উদ্ধার গার্মেন্টস কর্মী শিল্পী ৮ দিন পর বাড়ি ফিরলেন লাশ হয়ে

আপডেট : ০৩ মে ২০১৩, ২১:৪৪
চার বছরের শিশু বর্ষা এখনো বুঝে উঠতে পারেনি, তার কপালে কি ঘটেছে। তার মার নিথর দেহ তার সামনে। চারপাশে সবাই কাঁদছে। কিন্তু নির্বাক বর্ষা। তার মা গার্মেন্টস কর্মী শিল্পী বেগম চলে গেছেন না ফেরার দেশে। আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাওয়া হবে কবরস্থানে। কিন্তু কোন অনুভূতি নেই এই অবুঝ শিশুটির । মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে আবার মায়ের মৃতদেহের দিকে তাকিয়ে থাকছে শুধু । বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার পলিপাড়া গ্রামের তবিবরের বাড়িতে গিয়ে দেখা গেল এই দৃশ্য । সাভারে রানা প্লাজা ধসে পড়ার ৮ঘণ্টা পর জীবিত উদ্ধার হওয়া পোশাক কারখানার নারী শ্রমিক শিল্পী বেগম (২২) চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি ঐ পলিপাড়া গ্রামের তবিবর রহমানের মেয়ে । শুক্রবার ভোর রাতে তার লাশ গ্রামে নিয়ে আসার পর বাবা মা এবং স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে সেখানকার বাতাস। নিহত শিল্পীর মা মোমেনা বিবি মেয়ের লাশ দেখে বারবার অজ্ঞান হয়ে পড়েন। আর শিল্পীর একমাত্র মেয়ে বর্ষা (৪) নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে মায়ের লাশের সামনে। পরিবারের লোকজন জানায়, ৪ ভাই-বোনের মধ্যে ৩য় শিল্পী বেগমের ছয় বছর আগে বিয়ে হয় সাভার এলাকার মজিদপুর মহল্লার ট্রাক চালক বাদশা মিয়ার সঙ্গে। ট্রাক চালিয়ে সংসার চলে না বলেই প্রায় ৩ বছর পূর্বে শিল্পী রানা প্লাজার ৩য় তলায় নিউ ওয়েভ বটমস লিমিটেড নামের পোশাক কারখানায় সুইং অপারেটরের কাজ নেয়। তারা রানা প্লাজার পেছনেই বাসা ভাড়া নিয়ে থাকতো। বাদশা মিয়া জানান, ঘটনার দিন হরতাল হওয়ার পরও পোশাক কারখানার কর্মকর্তা মুঠোফোনে শিল্পীকে কাজে আসতে বলেন। শিল্পী কারখানায় কাজ করতে যাচ্ছে বলে তাকে মুঠোফোনে জানায়। ওইদিন বাদশা মিয়া ট্রাক নিয়ে ঢাকার বাইরে ছিলেন। ভবন ধসে পড়ার খবর পেয়ে কয়েক ঘণ্টার মধ্যে তিনি সাভার আসেন। ওইদিন সন্ধ্যার দিকে আহত শিল্পীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েকদিন চিকিত্সাধীন থাকার পর বৃহস্পতিবার সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিল্পী মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রক্তক্ষরণে মারা গেছে বলে কর্তব্যরত চিকিত্সকরা জানান। শুক্রবার বাদজুমা শিল্পীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ‘ভবন মালিকই আমাদের কাজে যোগদানে বাধ্য করে’ মান্দা (নওগাঁ) সংবাদদাতা জানান, সাভারের রানা প্ল¬াজা ধসে নওগাঁর মান্দার ৩ শ্রমিকের মৃত্যু, ২ জন নিখোঁজ ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার নুরুল্যাবাদ ইউপির নুরুল্যাবাদ করাতীপাড়া গ্রামের রিকশাচালক ফজলুর রহমানের কন্যা খাদিজা খাতুন (১৮) নিহত ও তার মা আসমা বেগম (৩৫) নিখোঁজ রয়েছেন। একই ইউপির কদমতলী গ্রামের ফয়েজউদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম (২২) নিহত হয়েছেন। এছাড়া পরানপুর ইউপির ৪ বন্ধুর মধ্যে চককেশব প্রামানিকপাড়া গ্রামের ইসমাইল হোসেনের পুত্র সাহেব আলী (১৮) নিহত ও অপর বন্ধু একই গ্রামের পুকুরপাড়ার ময়নার পুত্র নাজিমউদ্দিন (১৯) নিখোঁজ রয়েছেন। চককেশব গ্রামের আব্দুল জব্বারের পুত্র ইমরান আলী (১৮) মারাত্মক আহত হয়ে প্রথমে ঘটনার দিন সন্ধ্যায় ল্যাব এইড হাসপাতালে এবং বর্তমানে মান্দা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। ইমরান আলী জানান, ঘটনার দিন সকাল ৮টায় শ্রমিকরা কাজে যেতে না চাইলেও যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ভবন মালিক সোহেল রানা, পিএম ও এপিএম তাদের জোরপূর্বক কাজে যোগদানে বাধ্য করে। তবে ভয়ে অনেকেই কাজে যোগ দেয়নি। তিনি জানান, তার অপর বন্ধু শামসুল (১৮) বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। নিহত ৩ জনকে দাফন করা হয়েছে।