বাগেরহাটে গুলি করে মানুষ হত্যা, শিশুকে গুলি করে দুই-পা ক্ষত করা, পৌরসভার মেয়রের বাসভবনে সন্ত্রাসী হামলা, গুলি করে টাকা ছিনতাই, অস্ত্র ঠেকিয়ে ডাকাতি ও চুরির ঘটনাসহ বাগেরহাটে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব ঘটনার পর অপরাধীরা গ্রেফতার না হওয়ায় এবং অপরাধীদের ব্যবহূত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়ায় এখানকার পুলিশ প্রশাসনের দায়িত্ব-কর্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
ঘটনা সূত্রে প্রকাশ, গত ৮ এপ্রিল সন্ধ্যায় বাগেরহাট বাসষ্ট্যান্ড এলাকায় এক চিহ্নিত সন্ত্রাসীর ছোঁড়া গুলিতে সিফাত উল্লাহ সৈকত (৬) নামের এক শিশু দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। একইদিন রাতে শহরের নাগেরবাজার এলাকায় পৌরসভার মেয়রের বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। একই সময় কালু সেখ (২৮) নামের এক যুবককেও গুলি করে হত্যা করা হয়। এদিন দিনভর শহরে চলে সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের মহড়া। এ ৩টি ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করে বাগেরহাট মডেল থানায় মামলা হলেও কোন আসামি বা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়নি।
গত ১৩ এপ্রিল রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার জোকা গ্রামের অবসরপ্রাপ্ত দারোগা জয়নাল আবেদীনের বাড়িতে ডাকাতি হয়। ৭/৮ জনের ডাকাত দল দারোগার বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও লাইসেন্সকৃত বন্দুকের গুলি লুটে নেয়। এর দুই দিন আগে দৈবজ্ঞ্যহাটি এলাকার সাংবাদিক অজিয়র রহমানের বাড়িতেও ডাকাতি হয়। ১১ এপ্রিল দুপুরে জেলার ফকিরহাট উপজেলার শুকদাড়া-বেতাগা সড়কে ৩টি মোটরসাইকেলে ৬ ছিনতাইকারী সিগারেট কোম্পানির নসিমন আটকে ৩ কর্মচারীকে মারপিট করে ১লাখ ১৫ হাজার টাকা ছিনতাই করে। ১৮ এপ্রিল বাগেরহাট-খুলনা সড়কের শ্রীঘাট এলাকায় গ্রামীণ ফোনের বাগেরহাট জেলা ডিলার অফিসের কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে মোটর সাইকেলে ৩ ছিনতাইকারী নগদ একলাখ টাকা ছিনিয়ে নেয়।
গত ৯ এপ্রিল রাতে বাগেরহাট শহরের সোনাতলা এলাকার সাইদুর রহমান পেশকারের বাড়িতে গ্রীল কেটে ঘরে প্রবেশ করে চোরেরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে মোটর সাইকেলে পালিয়ে যায়। পরে পুলিশের তাড়া খেয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন রেখে চোরেরা পালিয়ে যায়। পুলিশ চোরদের মোটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করলেও চোরদের আটক করতে পারেনি। এর আগের রাতে বাগেরহাট খানজাহান আলী কলেজের শিক্ষক শহরের সরুই এলাকার আসিফউদ্দিন রাখীর বাসায়ও চুরি হয়। গত ৪ এপ্রিল জেলার ফকিরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সবুরা বেগমের বাড়িতে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ভাঙচুর, লুটপাট করে। ২ এপ্রিল মোরেলগঞ্জ উপজেলার হেড়মা বাজার এলাকার সার্বজনিন পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুর করা হয়। গত ২০ মার্চ দুপুরে সুন্দরবনের সুপতি ফরেষ্ট ষ্টেশনে মংলা’র বুড়ির ডাঙ্গা এলাকার মুক্তিযোদ্ধা জগদীশ সরদারকে (৬৫) গুলি করে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। একইদিন সকালে বাগেরহাট সদরের বেমরতা কলাবাড়ীয়া এলাকা থেকে দু’হাত পা বাঁধা অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের লাশ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। যার রহস্য গত একমাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ৯ মার্চ সন্ধ্যায় বাগেরহাট সদরের বিষ্ণুপুর বাদোখালী এলাকার মসজিদের ইমাম মোখছুদ মাওলানাকে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। ১৪ জানুয়ারী সকালে জেলার শরণখোলা উপজেলার সোনাতলা এলাকা থেকে হাসান ঘরামী (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এছাড়া বাগেরহাট শহর থেকে গত দুই মাসে ২০টিরও বেশি মোটর সাইকেল চুরি হয়েছে ।
এসব ঘটনায় বাগেরহাটের পুলিশ প্রশাসন বলছে, রাজনৈতিক দলের হরতালসহ নানা কর্মসূচির ডিউটি করতে গিয়ে স্বল্প জনবল নিয়ে এখানে আইনশৃংখলা বিষয়ে পদক্ষেপ নেয়া কঠিন হয়ে পড়ছে।
