যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ঈদ ও বর্ষা মৌসুমের আগেই দেশের সকল অসমাপ্ত সড়কের কাজ সম্পন্ন করা হবে। তিনি বলেন, বেশি সময় নেই। বর্তমান সরকারেরর আর ৩ মাসের মতো মেয়াদ রয়েছে। সামনে ঈদ ও বর্ষা আসন্ন। অতএব, এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো অসমাপ্ত সড়কের কাজ শেষ করা। এসব সড়কের কাজ আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করা হবে।
মন্ত্রী গতকাল শুক্রবার বেলা ১২টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকায় সড়কের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক সংস্কার কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
দাউদকান্দি সংবাদদাতা জানান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪ লেন এর কাজ ও গৌরীপুর-হোমনা সড়কের গোমতী নদীর উপর গৌরীপুর বেইলী সেতু পরিদর্শন শেষেও বর্ষার পূর্বে ভাঙ্গাচোড়া রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হবে বলে উল্লেখ করেন।
‘শালিস মানি তালগাছ আমার- এ মনোভাব থাকলে সংলাপ
অর্থবহ হবে না’
কুমিল্লা প্রতিনিধি জানান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সাভার ট্র্যাজেডি ও ভয়াবহ সহিংস পরিস্থিতি আমাদের ভাবমূর্তিকে নষ্ট করেছে। দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশকে পিছিয়ে দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ঠিক হবে না। সরকার আসবে, সরকার যাবে কিন্তু আমাদেরকে দেশে-বিদেশে বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণে অবাধ নির্বাচন করতে হবে। সবার উপরে দেশ, এর পরে গণতন্ত্র এ সত্যকে সামনে রেখে সরকার ও বিরোধী দল উভয়কে সংলাপের প্রতি আন্তরিক হতে হবে। শালিস মানি তালগাছ আমার এ মানসিকতা থাকলে সংলাপ অর্থবহ হবে না। মন্ত্রী গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় চার লেন প্রকল্পের কাজের অগ্রগতি, গৌরীপুর-হোমনা সড়ক ও মতলব-পেন্নাই সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন।
