রাজশাহী চিড়িয়াখানায় সিংহ ‘রানি’র মৃত্যু অসুস্থ ‘রাজা’

আপডেট : ০৩ মে ২০১৩, ২১:৪৭
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সিংহ ‘রানি’ গত মঙ্গলবার হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। চিড়িয়াখানার পশু চিকিত্সক ফরহাদ উদ্দিন সূত্রে জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়। মৃত সিংহীর বয়স হয়েছিল ১৪ বছর। অন্যদিকে সিংহ ‘রাজা’র শারীরিক অবস্থা আশংকাজনক বলে চিকিত্সক ফরহাদ জানিয়েছেন। চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক আকবর হোসেন বলেন, রানিকে তিন বছর বয়সে চট্টগ্রাম ফয়েজ লেকের পার্ক থেকে আনা হয়েছিল। মৃত্যুর দিন সকালেও সে সামান্য খাবার খেয়েছিল। চলাফেরাও প্রায় স্বাভাবিক ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ময়না তদন্তের রিপোর্টে সিংহ ‘রানি’র মৃত্যুকে হূদরোগজনিত বলে জানানো হয়। পরে চিড়িয়াখানার ভেতরেই তাকে কবর দেয়া হয়েছে। পশু চিকিত্সক ফরহাদ উদ্দিন জানান, বৃদ্ধ অবস্থায় একটি সিংহ গড়ে ১৪ থেকে ২০ বছর পর্যন্ত বাঁচে। ‘রানি’র বয়স হয়েছিল ১৪ বছর। তার একটি দাঁত পড়ে গিয়েছিল। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার দেহ ময়না তদন্ত করার পর হূদরোগে আক্রান্তের আলামত পাওয়া যায়। এছাড়াও সিংহীর ফুসফুসের প্রায় ৭০ ভাগ নষ্ট হয়ে গিয়েছিল। লিভার ও কিডনিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিড়িয়াখানার সিংহ ‘রাজা’ও শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে। ‘রাজা’র বর্তমান বয়স ১৮ বছর। সেও বয়সের ভারে ন্যূব্জ হয়ে পড়েছে। তারও একটা দাঁত পড়ে গেছে বলে তিনি জানান।