শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়বদ্ধতার প্রশ্নটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এক্ষেত্রে জাতীয় নীতিমালা প্রণয়ন করা দরকার। গণমাধ্যমকে জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় ‘বাংলাদেশের গণমাধ্যম ও সামপ্রতিকতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা এলামনাই এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক প্রসার ও বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। রুচিশীল ও সংস্কৃতিবান নাগরিক সৃষ্টি, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন, জাতীয় সমস্যার সমাধান, জনকল্যাণ এবং শিক্ষার অগ্রগতিতে গণমাধ্যম সহশক্তি হিসাবে কাজ করতে পারে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে মিডিয়া সরকার ও জাতিকে দিক নির্দেশনা দিতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হলে জনগণের মৌলিক অধিকারও সংরক্ষিত হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবাদকর্মীদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং জনস্বার্থ বিরোধী সংবাদ প্রচার করা থেকে বিরত থাকতে হবে।
এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সেমিনারে ‘টেলিভিশন চ্যানেলে টকশো’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ড. গোলাম রহমান এবং ‘সামপ্রতিকতা ঃ গণমাধ্যমে গণজাগরণ মঞ্চ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ড. শেখ আবদুস সালাম। মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক আবেদ খান, ড. আবুল মনসুর আহাম্মদ, সাংবাদিক নাদিয়া শারমিন প্রমুখ। সঞ্চালনা করেন স্বপন কুমার দাস ও আহমেদ পিপুল। সেমিনারশেষে পুনর্মিলনীতে মেতে উঠেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।
