এসএনসি-লাভালিন কানাডায় নিষিদ্ধ

আপডেট : ০৩ মে ২০১৩, ২২:৪১
বাংলাদেশের পদ্মাসেতু কেলেঙ্কারিতে জড়িত কানাডীয় প্রকৌশল সংস্থা এসএনসি-লাভালিনকে এবার কানাডা সরকার নিষিদ্ধ করেছে। কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থা (সিডা) ঘোষণা করেছে যে, তাদের কোন প্রকল্পে কাজ করতে পারবে না এসএনসি-লাভালিন। শুক্রবার কানাডার ‘গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকার খবরে বলা হয়, বাংলাদেশে প্রস্তাবিত বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মাসেতুর প্রায় ৪০০ কোটি টাকার পরামর্শকের কাজ পেতে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানসহ একাধিক ব্যক্তিকে ঘুষের প্রস্তাব দেয় এই প্রতিষ্ঠান। তাদের মোট অর্থের ১০ শতাংশ ঘুষ দেয়ার প্রস্তাব দেয়া হয়। এ অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিশ্বব্যাংক পদ্মাসেতুতে প্রতিশ্রুত ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে দেয়। প্রবল জনমতের চাপে সরকারও মন্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। সিডার একজন মুখপাত্র বলেন, তাদের কাজ পেতে হলে এসএনসি-লাভালিনকে অবশ্যই প্রমাণ করতে হবে তাদের ওপর বিশ্বব্যাংকসহ এ ধরনের কোনো প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা নেই। সিডার মুখপাত্র নিকোলাস ডয়ার ই-মেইল বিবৃতিতে বলেনঃ ‘যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর দুর্নীতি ও জালিয়াতির জন্য বিশ্বব্যাংকের মতো উন্নয়ন সংস্থা নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারা সিডার অর্থায়নের কোন প্রকল্পে কাজ পাওয়ার যোগ্য বিবেচিত হবে না।’ সিডার এ সিদ্ধান্তে ভাবমূর্তি সঙ্কটে পড়বে এসএনসি-লাভালিন। আফগানিস্তান ও ভিয়েতনামে দুর্নীতির কারণে ২০০৮ সাল থেকেই সিডার কোনো প্রকল্পে কাজ পায়নি মনট্রিল ভিত্তিক বহুজাতিক এই সংস্থা।