গতকাল শুক্রবার চট্টগ্রাম গণ-জাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে বক্তারা বলেন, ১৩ দফার মাধ্যমে বাংলাদেশের নারী সমাজকে অন্ধকারে ঠেলে দিতে চাইছে হেফাজতে ইসলাম। তাদের এই অপতত্পরতা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, তাদের পেছনে রেখে এ জাতির অগ্রগতি কিছুতেই সম্ভব নয়। আজ পাকিস্তানী আমলের মতো দেশে ধর্মের নামে নারী নির্যাতন শুরু করা হয়েছে।
চট্টগ্রাম জামালখান প্রেসক্লাব চত্বরে গতকাল বিকেলে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন শহীদজায়া ও নারী নেত্রী মুশতারি শফি। বক্তব্য রাখেন জাসদ নেত্রী শিরিন আকতার, হাসিনা মহিউদ্দিন, নূরজাহান খান প্রমুখ।
সমাবেশে বক্তারা আরো বলেন, দেশে আজ স্বাধীনতা বিরোধীদের সাথে এক হয়ে একশ্রেণীর ধর্ম ব্যবসায়ী নারীদের অধিকার হরণ করার জন্য মাঠে নেমেছে। তারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা যুদ্ধাপরাধীদের বিচারকে বানচাল করতে চায়। তারা মানুষ হত্যা করে, জাতীয় সম্পদ ধ্বংস করে জাতীয় জীবনে আতংক ছড়াতে চায়। তাদের এই নাশকতা প্রতিরোধে নারী সমাজ আর ঘরে বসে থাকবে না।
