বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, দমননীতি ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী সংলাপের প্রস্তাব দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাব দিলে বিএনপি তা মূল্যায়ন করবে। রাজনৈতিক সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রীর এই প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, এমন মন্তব্য করে তিনি বলেন, আশাকরি বাকি সঙ্কট মোকাবেলায় তিনি যথাযথ পদক্ষেপ নেবেন। জনগণের আন্দোলনে সরকার নমনীয় হতে বাধ্য হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আজকের সমাবেশ উপলক্ষে শৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।
হান্নান শাহ বলেন, অতীতে প্রধানমন্ত্রী যদি শিষ্টাচার বজায় রেখে বক্তব্য রাখতেন তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি এত খারাপ হতো না। তিনি অভিযোগ করেন, হেফাজতে ইসলাম ও সরকারের শরিক দলগুলো তাদের পছন্দমত জায়গায় সমাবেশ করার অনুমতি পেলেও বিএনপিকে অনুমতি দেয়া হয় না।
