আলোচনার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে :মওদুদ

আপডেট : ০৩ মে ২০১৩, ২২:৪৪
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন জেনে তাকে সাধুবাদ জানাই। তবে এ আলোচনার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। এজেন্ডা ছাড়া আলোচনার সুযোগ নেই। সবচাইতে বড় কথা হলো, সংলাপের আন্তরিকতা আছে কিনা? আমি প্রস্তাব করছি, আলোচনা শুরুর আগে সরকারকে বিরোধী দলীয় নেত্রী ও নেতাকর্মীর নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। এছাড়া এজেন্ডার মধ্যে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা থাকতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকালে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর শহীদ মিনার চত্বরে তার মুক্তি পরবর্তী এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আবদুল হাই সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আযাদ, উপজেলা বিএনপি’র সম্পাদক নূরুল আলম সিকদার, বসুরহাট পৌর বিএনপি’র সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সম্পাদক মাহমুদুর রহমান রিপন প্রমুখ।