আলোচনায় বসতে শর্ত দেবেন না

আপডেট : ০৩ মে ২০১৩, ২৩:১৬
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিরোধীদলের উদ্দেশ্যে বলেছেন, আলোচনার দরজা খোলা আছে। তবে আলোচনায় বসতে কোন শর্ত জুড়ে দেবেন না। কেননা শর্ত দিয়ে আলোচনা হয় না। আলোচনার টেবিলে নির্বাচনসহ বহু কিছু নিয়ে কথা হতে পারে। তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সংবিধান পরিবর্তনের বিষয়, নতুন আইন তৈরি করার বিষয় বিরোধী দলের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে করা যায়। গতকাল শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, নারী নেত্রী আফরোজা হক রিনা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ঘাতক-দালাল নির্মূল কমিটি’র সাধারণ সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নে টর্নোডোতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। এরপর বিকেলে সুদিরাজপুর বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিরোধীদলের প্রতি যে আমন্ত্রণ জানিয়েছেন তা পুরনো আমন্ত্রণ। দীর্ঘ আড়াই বছর ধরে এ আমন্ত্রণ তিনি জানিয়ে আসছেন। কিন্তু বেগম খালেদা জিয়া আড়াই বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করছেন। তিনি বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, রাজপথের কোন হুড়-হাঙ্গামা নয়, আলোচনার টেবিলে বসুন, সবকিছুর নিষ্পত্তি করুন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা হচ্ছে বিএনপির দাবি। নিরপেক্ষ নির্বাচনের দাবি একটা ক্রমাগত আলোচনার বিষয়। এটা একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন ব্যবস্থা কি হতে পারে সে বিষয়ে আলোচনা হতে পারে।