দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আজ শনিবারের মধ্যে মুক্তি না দিলে আগামীকাল ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশের ছাপাখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী এ ঘোষণা দেন। আমার দেশ পাঠক মেলা এ মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ এ মানববন্ধনে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলার কেন্দ্রীয় সভাপতি ফয়সাল আকবর।
