অবরোধে বাধা দিলে দায়দায়িত্ব সরকারকে নিতে হবে

আপডেট : ০৩ মে ২০১৩, ২৩:১৮
গতকাল শুক্রবার বাসাবো, কামরাঙ্গীরচর, তেজগাঁ, লালবাগ ও মিরপুরে হেফাজতে ইসলামের পৃথক পৃথক সমাবেশে আগামীকালের ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার আহবান জানিয়ে বলা হয়, এই কর্মসূচি বানচালের জন্য ইতিমধ্যেই সরকারি দলের সন্ত্রাসীরা নানা জায়গায় ইসলামপ্রিয় মুসলমানদের ঢাকায় আসতে বাধা দিচ্ছে, হামলা করছে, হুমকি দিচ্ছে। কিন্তু ঢাকা অবরোধে বাধা দিলে তার পরবর্তী দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সমাবেশ শেষে মিছিল বের হয়। এসব সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান সরকার মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে। নাস্তিক-মুরতাদ বেষ্টিত সরকার হেফাজতের ১৩ দফা দাবি নিয়ে মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে বাংলাদেশকে ইসলাম শূন্য করতে চায়। ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করে কুচক্রি মহলের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। নেতৃবৃন্দ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে বলেন, অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে সারা দেশে গণবিস্ফোরণ ঘটবে। তাই সময় থাকতে তার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি নিশ্চিত করতে হবে এবং আমার দেশ পত্রিকা প্রকাশের ব্যবস্থা করতে হবে। গতকাল বাদ জুমা চকবাজার শাহী মসজিদের পূর্ব গেইটে হেফাজতে ইসলাম লালবাগ জোন আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে নেতৃবৃন্দ এসব বক্তব্য রাখেন। লালবাগ জোনের আহবায়ক মাওলানা জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসানাত আমিনী, মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা শেখ লোকমান হোসাইন, জামাল নাসের চৌধুরী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মিনহাজুদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম, মুফতী জালাল উদ্দীন, মাওলানা তাসলীম আহমদ, মাওলানা মুনির হোসাইন, মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিরাট মিছিল চকবাজার থেকে শুরু হয়ে উর্দ্দু রোড, বকশি বাজার, ঢাকেশ্বরী মন্দির হয়ে আজিমপুর গিয়ে মুনাজাতের মাধ্যমে শেষ হয়। এদিকে বাদ জুমা রাজধানীর মিরপুরের ১ নম্বর গোল চত্বর থেকে মাওলানা মোস্তফা আজাদের নেতৃত্বে আগামী ৫ মে অবরোধ কর্মসূচি সফলের আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে বৃহত্তর মিরপুর হেফাজতে ইসলাম। মিছিল পূর্বক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সারা দেশে ইসলামী জনতা আজ ১৩ দফার দাবি ফুঁসে উঠেছে। যদি ৫ মের আগে এই দাবি মানা না হয়, তাহলে ১৩ দফার আন্দোলন ১ দফায় রূপ নিতে পারে। তাই সরকারের উচিত, সময়ক্ষেপণ না করে অবিলম্বে এইসব দাবি বাস্তবায়ন করে দেশ, জাতি ও ইসলামকে হেফাজত করা। মাওলানা গাজী ইয়াকুবের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা ক্বারী আব্দুল খালেক, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আব্দুল হাই ফারুকী, মাওলানা ওয়ালী উল্ল¬াহ মাসুম, মাওলানা নাছির উদ্দীন ভুঁইয়া, মাওলানা রবিউল্ল¬াহ, মাওলানা হামেদ গাহেরী প্রমুখ। সমাবেশ শেষে প্রায় ১০ হাজার লোকের একটি বিশাল মিছিল ১ নং গোল চত্বর থেকে ১০ নং গোল চত্বরে গিয়ে দুআর মাধ্যমে শেষ হয়।