দাপুটে জয়ে ওয়ানডে’র মিশন শুরু টাইগারদের

আপডেট : ০৩ মে ২০১৩, ২৩:২০
বুলাওয়ে কুইন্স ক্লাব মাঠের রেকর্ড আর হারারের দ্বিতীয় টেস্টের সাফল্য ছিল বাংলাদেশের সঙ্গে। ছিল সামপ্রতিক ওয়ানডেতে নিজেদের দারুণ পারফরম্যান্সের ইতিহাসও। সবকিছুকেই সমুন্নত রাখল শেষ পর্যন্ত বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের মিশনে গতকাল বুলাওয়ের প্রথম ম্যাচে টাইগাররা রীতিমতো গুঁড়িয়ে দিল জিম্বাবুয়েকে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে প্রবল দাপটের সাথে ১২১ রানের ব্যবধানে জিতল বাংলাদেশ। নাসির হোসেনের প্রশংসনীয় নৈপুণ্যে আগে ব্যাট করে ২৬৯ রানের বড় পুঁজি গড়েছিল মুশফিকুর রহিমের দল। কিন্তু জয়টা এলো মূলত অলরাউন্ডার জিয়াউর রহমানের হাত ধরে। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচ খেলতে নেমে দুর্ভাগ্যজনকভাবে হ্যাটট্রিক মিস করলেও তুলে নিলেন ৩০ রানে ৫ উইকেট। তার এই বোলিং তাণ্ডবেই জিম্বাবুয়ের ইনিংস থেমে গেল ১৪৮ রানে। বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন মূলত পেসার সফিউল ইসলাম। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা টার্গেট লক্ষ্য করে ঠিকমতো ছুটতে শুরু করার আগেই নিজের পরপর দুই ওভারে চাকা ও সিকান্দারকে তুলে নেন সফিউল। আরেক ওপেনার হ্যামিলটন মাসাকাদজাকে নিয়ে আবার বিপজ্জনক জুটি গড়ার চেষ্টায় ছিলেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। টেলরকে বাড়তি গতির এক বলে বোল্ড করে সাজঘরে পাঠান রাজ্জাক। এর পরপরই রানআউট হয়ে ফিরে যান শেন উইলিয়ামস। এরপর শুরু জিয়ার তাণ্ডব। পঞ্চম বোলার হিসেবে বল করতে এসে নিজের দ্বিতীয় বলেই উইকেট পেয়ে যেতে পারতেন; যদি টেলরের তুলে দেয়া ক্যাচটা উইকেটরক্ষক মুশফিক ফেলে না দিতেন! এই ক্ষতি জিয়া পুষিয়ে নিয়েছেন। নিজের তৃতীয় ওভারে ৪ বলের ব্যবধানে এক প্রান্ত আগলে রাখা হ্যামিলটন মাসাকাদজা ও বাংলাদেশের বিপদ চিগুম্বুরাকে ফিরিয়ে দেন। পরের ওভারের প্রথম বলে ফেরান প্রোসপার উেসয়াকে। এখান থেকেই কার্যত জিম্বাবুয়ে ম্যাচ থেকে ছিটকে যায়। অবশ্য জিয়ার কীর্তি আরও বাকি ছিল। জিম্বাবুয়ে এই অষ্টম উইকেটে আবার বেশ প্রতিরোধ গড়ে তুলেছিল। ওয়ালার ও সিংগি মাসাকাদজা ৫৫ রানের জুটি গড়েছিলেন। নিজের নবম ওভারের চতুর্থ বলে ওয়ালারকে ফিরিয়ে সে জুটিও ভেঙে দেন জিয়া। পরের বলেই পানায়াঙ্গারাকে এলবিডব্লু করে ৫ উইকেট শিকার সম্পন্ন করলেন। কিন্তু এরপরও আম্পায়ারের কারণে বড় এক কীর্তি থেকে বঞ্চিত রইলেন জিয়া। পরের বলটাতেই দারুণ আবেদন করেছিলেন তিনি চাতারার বিপক্ষে। রিপ্লেতে দেখা গেছে একেবারে নিশ্চিত এলবিডব্লু ছিল। বিশেষজ্ঞরা পর্যন্ত বিস্ময় প্রকাশ করেছেন এই আউট না দেয়ায়। আর আম্পায়ারের এই সিদ্ধান্তে হ্যাটট্রিকটা হল না জিয়ার। অবশ্য পরের ওভারের প্রথম বলেই রবিউল ৩২.১ ওভারে ১৪৮ রানে শেষ করে দেন জিম্বাবুয়ের ইনিংস। এই বোলিং তাণ্ডবের আগে বাংলাদেশের জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন নাসির হোসেন। তামিম ও আশরাফুল উদ্বোধনী জুটিতে ৬৫ রান তুলেছিলেন। কিন্তু ব্যাটসম্যানদের হটকারিতায় ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকেই প্রথমে মোমিনুলের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন নাসির। পরে মাহমুদউল্লাহর সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় পুঁজির দিকে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত নাসির আউট হওয়ার আগে ৬৭ বলে ৭টি চার ও একটি ছক্কায় সাজানো ৬৮ রান করে যান। শেষ দিকে জিয়া ও রাজ্জাকের ছোট দুটো ইনিংস এবং মাহমুদউল্লাহর ফর্মে ফেরা ইনিংসে ভর করে বাংলাদেশ ২৬৯ রানের লড়াকু পুঁজি পায়।