বেনজির ভুট্টো হত্যা মামলার বিশেষ কৌঁসুলি নিহত

আপডেট : ০৩ মে ২০১৩, ২৩:২১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার বিশেষ কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাজধানী ইসলামাদে তাকে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ির আঘাতে এক মহিলা নিহত হয়। জুলফিকার মুম্বাই হামলার ঘটনায় করা মামলারও কৌঁসুলি ছিলেন। এদিকে নিরাপত্তার ঝুঁকিতে দেশ ছেড়েছেন পাকিস্তান পিপলস্ পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। খবর ডন এর। বেনজির ভুট্টো হত্যা মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বিশেষ কৌঁসুলি জুলফিকার। জুলিফিকারের ওপর হামলা এবং তার নিহতের ঘটনায় রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদ হাইকোর্টের বার এসোসিয়েশনের আইনজীবীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার বেনজির হত্যা মামলার শুনানি করতে নিজ বাড়ি থেকে সকাল সাড়ে সাতটার দিকে রওনা হন জুলফিকার। তিনি নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। জি-৯ নামের একটি ব্যস্ত এলাকায় পৌছালে মোটরসাইকেল আরোহী দুই অজ্ঞাত বন্দুকধারী তাকে অনেকগুলো গুলি করে। গুড়িতে তার গাড়ি ঝাঁঝরা হয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার বক্ষ এবং কাঁধে অনেকগুলো গুলি করা হয়েছে। জীবননাশের হুমকি পেয়ে দেশ ছেড়েছেন পিপিপি চেয়ারম্যান এবং বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো। পিপিপি নেতা তাজ হায়দার জানিয়েছেন, দল সিদ্ধান্ত নিয়েছে, তিনি আর নির্বাচনী সমাবেশে উপিস্থিত থাকবেন না। তিনি জীবননাশের হুমকি পেয়েছেন। বেনজির ভুট্টোর মতো তাকেও আমরা হারাতে চাই না। আগামী ১১ মে নির্বাচনের দিনও উপস্থিত থাকবেন না বিলাওয়াল। তবে দলের একটি সূত্রে জানা গেছে, তিনি ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন।