মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সরকারি কাজকর্ম

আপডেট : ০৪ মে ২০১৩, ২০:১৮
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের একাধিক প্রাচীন জরাজীর্ণ ভবনে দীর্ঘদিন যাবত্ চলছে সরকারি কার্যক্রম। কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম চালাচ্ছেন। এসব জরাজীর্ণ ভবন ধসে পড়ে যেকোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার কিংবা অফিস স্থানান্তরের কোন উদ্যোগ আজও নেয়া হয়নি। উপজেলার পৌর সদরে অবস্থিত শত বছরের জরাজীর্ণ ভবনে কয়েক যুগ ধরে ঝুঁকি নিয়ে চলছে বাংলাদেশ কৃষি ব্যাংক মোরেলগঞ্জ উপজেলা শাখার কার্যক্রম। ১৯৭২ সালে মোরেলগঞ্জ বাজার সদরে কৃষি ব্যাংক শাখার কার্যক্রম শুরু হয়। ব্রিটিশ আমলে নির্মিত এ ভবনের ইট সুরকি পলেস্তারা প্রতিনিয়ত খসে খসে পড়ছে। পলেস্তারা পড়ে এ পর্যন্ত শতাধিক গ্রাহক ও ১০/১২ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। বৃষ্টি হলে ছাদ থেকে চুঁইয়ে পানি পড়ে ঘর সয়লাব হয়ে যায়। এতে নষ্ট হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। ব্যাংক ব্যবস্থাপকের কক্ষসহ কয়েকটি কক্ষে পলিথিন টাঙিয়ে আত্মরক্ষার ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে। এ কারণে গ্রাহকরা লেনদেন করতে ব্যাংকের ভিতরে ঢুকতে ভয় পান। দীর্ঘ ৪০ বছরের ব্যাংকিং কার্যক্রমে ব্যাংকটি স্থানান্তরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা সত্ত্বেও কোন কাজ হয়নি। এছাড়া মোরেলগঞ্জ উপজেলা সদরে ব্রিটিশ স্থপতি রবার্ট মোরেল নির্মিত কুঠিবাড়ির জরাজীর্ণ ভবনে দেড় যুগ ধরে চলছে ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম। প্রায় ২০০ বছরের পুরানো এই কুঠিবাড়ি পরিত্যক্ত ঘোষণা করা হলেও দুটি ঝুঁকিপূর্ণ ভবনে এখনো ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও ঝুঁকি নিয়ে চলছে মোরেলগঞ্জ মত্স্য অফিস। ঝুঁকি থাকা সত্ত্বেও এ ভবনটি তৃতীয় তলায় উন্নীত করা হয়েছে। পরিত্যক্ত সত্ত্বেও উপজেলার সাবেক টিটিডিসি হল ও খাদ্য গুদাম বর্তমানে কৃষি অফিসের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরিত্যক্ত উপজেলা প্রশাসন ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষা অফিস ও সমবায় অফিসের কার্যক্রম চলছে। এসব ভবনগুলোর কার্যক্রম অনতিবিলম্বে স্থানান্তর করে পরিচালনা করা না হলে ভবন ধসে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসীর অভিমত।