‘চার্জশিট থেকে শকুর নাম বাদ না দিলে কঠোর আন্দোলন’

আপডেট : ০৪ মে ২০১৩, ২০:১৮
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শওকত হাশেম শকুর নাম চার্জশিট থেকে বাদ দেয়া না হলে কঠোর আন্দোলনে যাবেন দলটির নেতা-কর্মীরা। তারা বলেছেন, শকুকে চার্জশিটভুক্ত করাটাই প্রমাণ করে এটা প্রহসন হয়েছে। যেখানে বিএনপির ৩১জন নেতা-কর্মীকে অব্যাহতি দেয়া হয়েছে সেখানে শুধুমাত্র শওকতকে জড়ানোই প্রমাণ করে এর পেছনে বিশেষ কোন মহলের প্রতিহিংসা কাজ করেছে। চাষাঢ়ায় বোমা হামলার ঘটনায় প্রায় ১২বছর পর গত বৃহস্পতিবার আদালতে চার্জশিট দেয় সিআইডি। মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান, ওবায়দুল্লাহ, ভারতে আটক সহোদর জঙ্গী মোরসালিন ও মোত্তাকিম, ক্রস ফায়ারে নিহত যুবদল ক্যাডার মমিনউল্লাহ ডেভিডের ভাই শাহাদাত হোসেন জুয়েল ও শহর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর শওকত হাশেম শকুকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়।