নওয়াপাড়ায় আওয়ামী লীগ নেতা খুন

আপডেট : ০৪ মে ২০১৩, ২০:১৯
যশোরের নওয়াপাড়া বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ী ও শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন মোল্লাকে (৩৫) তিন টুকরো করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিখোঁজ হবার তিনদিন পর শুক্রবার সকালে নওয়াপাড়া বাজারের সৈয়দ ভবনের ৩য় তলার তালাবদ্ধ ঘরের দরজা ভেঙ্গে বাথরুম থেকে পুলিশ তার তিন টুকরো লাশ উদ্ধার করে। লাশটির মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে একটি পলিথিনের ব্যাগে এবং পা ও তার নিথর দেহ বাথরুমের একটি ড্রামে রাখা ছিল। ঘটনার পর থেকে ঐ ঘরের ভাড়াটিয়া সামাদ ও তার স্ত্রী রুমানা আক্তার কাঞ্চি পলাতক রয়েছে। গত মঙ্গলবার রাতে নওয়াপাড়া স্টেশন বাজার থেকে ফরিদ হোসেন নিখোঁজ হন। তার কোন সন্ধান না পাওয়ায় পরদিন বুধবার সকালে পিতা ওসমান মোল্লা অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করেন। ফরিদ হোসেন মোল্লা নিখোঁজ হবার ঘটনায় পুলিশ গত বুধবার মিজানুর রহমান নামের এক যুবককে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। বৃহস্পতিবার নওয়াপাড়া বাজারে আসমত আলীর সৈয়দ ভবনে অভিযান চালাতে গেলে রুম তালাবদ্ধ থাকায় পুলিশ সেখান থেকে ফিরে আসে। শুক্রবার সকালে ঐ ভবন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ পুনরায় তালাবদ্ধ ঘরের দরজা ভেঙ্গে বাথরুমের ড্রাম ও পলিথিনের ব্যাগ থেকে ফরিদ হোসেনের তিন টুকরো লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য পিকআপ ভ্যানে ওঠাতে গেলে উত্তেজিত ফরিদের স্বজনেরা গাড়িতে হামলা চালায়। তবে তাত্ক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লাশ যশোর মর্গে পাঠানো হয়। প্রসঙ্গত, নিহত ফরিদ হোসেনের বড় ভাই আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী রাজু আহম্মেদ ২০১০ সালের ৩ জুন বাড়ি ফেরার পথে নওয়াপাড়া ফেরিঘাটে সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছিলেন।