বাংলাদেশি আইডলের নতুন ঘোষণা

আপডেট : ০৪ মে ২০১৩, ২০:২০
আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিতব্য সংগীত ভিত্তিক রিয়েলিটি শো বাংলাদেশি আইডলের সঙ্গে যুক্ত হলো দু’টি স্বনামধন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। এ উপলক্ষে গতকাল রূপসী বাংলা হোটেলের বলরুমে আয়োজন করা হয় ‘স্পন্সর আনভেইলিং সিরেমনি’ শীর্ষক একটি সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন এসএ টিভির ম্যানেজিং ডিরেক্টর সালাহউদ্দিন আহমেদ, সিওও সালাহউদ্দিন জাকি, ডেল্টা বে প্রোডাকশন অ্যান্ড ডিসট্রিবিউশনের চেয়ারম্যান ফখরুদ্দিন রাজী, বাংলালায়ন ওয়াইমেক্স-এর চিফ মার্কেটিং অফিসার জি এম ফারুক খান, ইউনিলিভারের মার্কেটিং ম্যানেজার মাহতাব হোসেনসহ সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিরা। ‘স্পন্সর আনভেইলিং সিরেমনি’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের শুরুতেই সাভার ট্র্যাজিডিকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রজেক্টরে প্রদর্শিত হয় বাংলাদেশ আইডলের থিম সং এবং একটি দৃষ্টি নন্দন তথ্যচিত্র। সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন এসএ টিভির সিওও সালাহউদ্দিন জাকী, ইউনিলিভারের মার্কেটিং ম্যানেজার মাহতাব হোসেন এবং বাংলালায়ন ওয়াইমেক্স-এর চিফ মার্কেটিং অফিসার জিএম ফারুক খান। সংবাদ সম্মেলনের এই পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উন্মেচন হয় ‘বাংলাদেশি আইডল’-এর নতুন লোগো। ঘোষণা করা হয় ‘বাংলাদেশি আইডল’-এর সঙ্গে যুক্ত হওয়া দুই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম। যার একটি হলো বাংলালায়ন। আর অন্যটি হলো ক্লিয়ার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু। উল্লেখ্য, বিশ্বব্যাপী সংগীতশিল্পী নির্বাচনের শ্রেষ্ঠ ও সফলতম টিভি রিয়েলিটি শো ‘আইডল’-এ এরই মধ্যে শেষ হয়েছে এর প্রাথমিক অডিশন পর্ব। আগামী মাস থেকে এটি নিয়মিত সম্প্রচার হবে এসএ টিভির পর্দায়। আর এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে রয়েছেন চার স্বনামধন্য কণ্ঠশিল্পী ফেরদৌসি রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু এবং মেহরীন।