এ দেশের সাহিত্য ও চলচ্চিত্রাঙ্গনের অন্যতম একটি অধ্যায় হুমায়ূন আহমেদ। বরেণ্য এই কিংবদন্তির প্রয়াণে এখনও শোকস্তব্ধ তার কোটি ভক্তপ্রাণ। সেই ভক্তের জায়গা থেকেই হুমায়ূন আহমেদকে নিয়ে একটি গান লিখলেন মিডিয়াকর্মী মকবুল হোসেন পাইক। হুমায়ূন আহমেদের তৈরি হিমু, মিছির আলী, বাকের ভাই, রঞ্জু শুভ্র, রুপা, জরি, টুনি, সাদেক আলী, মীরা, নিবারণ, কাদের, হানিফ, এলাচি বেগম, লবঙ্গ, মুনা, তিথি, নিশা, বিলু-মিলু, অনিল বাগচী, ফিহা, মাজেদা খালা, ফুফা, বোতলভূতসহ জনপ্রিয় সব চরিত্রগুলো নিয়ে একটি গান লিখেছেন মকবুল হোসেন পাইক। পাইক জানান, হুমায়ূন আহমেদের তৈরি জনপ্রিয় চরিত্রগুলোই নয় শুধু, আরও তুলে ধরে আনা হয়েছে তার প্রিয় স্থান ও প্রিয় বিষয়গুলো। যেমন, ‘চান্নিপসর রাত’, ‘মধ্য দুপুর’, ‘চৈতি রোদ’, ‘মায়াদীঘি’, ‘শ্রাবণ মেঘ’, ‘গৌরিপুর জংশন’, ‘বৃষ্টি বিলাস’, ‘নুহাশ পল্লী’, ‘দক্ষিণা হাওয়া’ ইত্যাদি।
