প্রাত্যহিক জীবনের নানা প্রয়োজনে সেলফোন তথা মোবাইল ফোনের ব্যবহার যেমন বাড়ছে তেমনি বাড়ছে কারণে অকারণে এ ধরনের সেলফোনের প্রতি মানুষের নির্ভরতাও। আর মানুষের এই সেলফোন প্রীতি নিয়েই এবার চমকে যাবার মতো এক দাবী করেছেন আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি, শুধুমাত্র প্রয়োজনেই নয় বরং বিনা প্রয়োজনেও সেলফোনের স্ক্রিনের দিকে তাকানো বা একটু পর পর ব্যাগ কিংবা পকেট থেকে মোবাইল ফোন বের করে দেখাটা এখন সংক্রামক পর্যায়ে পৌঁছেছে। সাধারণত কাউকে ফোন করা বা ক্ষুদেবার্তা পাঠানো অথবা এ ধরনের ফোনকল ও ক্ষুদেবার্তা দেখার জন্য মোবাইল ফোন মানুষের হাতে উঠবার কথা থাকলেও হাল আমলে অনেকের মাঝেই বিষয়টি মুদ্রাদোষের মতো পর্যায়ে পৌঁছেছে। ফলে কোনো ধরনের নোটিফিকেশন, কল বা এসএমএস আসার সংকেত না বাজলেও সঙ্গে থাকা মোবাইল ফোনটি একটু একটু পর পর দেখার বাতিকে ভুগছেন অনেকে। এ ছাড়া সামনে থাকা কারও মোবাইল ফোনের ব্যবহার দেখার পর নিজের মোবাইল ফোনটিও বের করতে আকৃষ্ট হন ব্যবহারকারীদের অনেকে যেটি অনেকটা রোগে সংক্রমিত হবার মতোই একটি বিষয় বলে মনে করেন গবেষকরা। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হল ও কফিশপে বসে থাকা শিক্ষার্থীদের উপর দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ জরিপ চালিয়ে এই গবেষকরা দেখেছেন যে, এসব জায়গায় কেউ যখন তার হাতে থাকা মোবাইল ফোনের প্রতি মনোযোগী হয়ে পড়েন তখন তার সামনে বা পাশে বসে থাকা ব্যক্তিটিও মোবাইল ফোন ব্যবহারের প্রতি আগের চেয়ে দ্বিগুণ আকর্ষণ অনুভব করেন। এ সময় প্রত্যেকেই তার মোবাইলে নতুন কোনো ম্যাসেজ, মেইল বা নোটিফিকেশন এসেছে কি না তা দেখতে ব্যস্ত হয়ে পড়েন। বিশেষ করে যারা কফিশপ বা ডাইনিং এ কমপক্ষে ২০ মিনিট অবস্থান করছেন তাদের কর্মকাণ্ড প্রতি ১০ সেকেন্ড পর পর লিপিবদ্ধ করে তা বিশ্লেষণ করার পর এমনটাই দেখেছেন গবেষকরা। আর মোবাইলের এই সংক্রামক ব্যবহারের প্রেক্ষাপটে বা অন্যের দেখাদেখি মোবাইল বের করার বিষয়ে ছেলেদের চাইতে মেয়েদের অংশগ্রহণই বেশি বলে জানিয়েছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের এই গবেষকরা।
