আমানতকারীদের যে পরিমাণ সুদ দেয়া হচ্ছে, ঋণের মাধ্যমে তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ আদায় করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় এ দুই সুদ হারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশীয় পয়েন্টে নামিয়ে আনার কথা বলা হলেও সে নির্দেশনা মানছে না বেশিরভাগ ব্যাংক। আগে যেসব ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা মানছিল না তাদের জন্য মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু মার্চ মাস শেষের হিসাবেও দেখা গেছে ২৭টি ব্যাংক এ নির্দেশনা মানেনি। বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঋণে বেশি সুদ আদায় করায় শিল্প উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কমে যাচ্ছে বিনিয়োগ।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আমানত ও ঋণের সুদহারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে সীমিত রাখার কথা বলা হয়েছে। অর্থাত্ আমানতের সুদের থেকে ঋণের সুদের হারের পার্থক্য ৫-এর মধ্যে থাকতে হবে। যদিও মুক্তবাজার অর্থনীতিতে ব্যাংকগুলো নিজস্ব নীতিমালার আলোকে ঋণ ও আমানতে সুদ হার নির্ধারণ করতে পারে। তবে নৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে ঋণের সুদ হার কমানোর লক্ষ্যেই ২০১২ সালের জানুয়ারি মাসে এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়।
গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় ব্যাংকের এমডিদের সতর্ক করে গভর্নর বলেছিলেন, মার্চের মধ্যে নির্দেশিত সীমার মধ্যে স্প্রেড হার নামিয়ে না আনলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে বাংলাদেশ ব্যাংকের মার্চ ভিত্তিক প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর ভিত্তিক প্রতিবেদনে যেসব ব্যাংকের স্প্রেড ৫ শতাংশীয় পয়েন্টের ওপরে ছিলো এখনও তাদের প্রত্যেকেরই ব্যবধান ওপরে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ব্যাংকের স্প্রেড ব্যবধান নির্দেশিত সীমায় নামিয়ে আনতে প্রতিনিয়তই ব্যাংকগুলোকে তাগাদা দেয়ায় আগের চেয়ে গড় ব্যবধান কমেছে। যারা এ নির্দেশনা মানছে না তাদেরকে শিগগিরই আবারো সতর্ক করা হবে।
ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস-চেয়ারম্যান ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী বলেন, স্প্রেড বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ব্যাংকগুলো মানার চেষ্টা করছে। তবে তা পুরোপুরি মানতে কিছুটা সময় লাগবে।
বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী এ বিষয়ে ইত্তেফাককে বলেন, বিদ্যুত্, গ্যাস সংযোগ না পাওয়া এবং বৈশ্বিক মন্দাসহ নানামুখী সংকটের কারণে এমনিতেই বিনিয়োগ হচ্ছে কম। তার ওপর অতিরিক্ত সুদের কারণে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে যেতে হিমশিম খাচ্ছেন। এ পরিস্থিতির উন্নয়ন না হলে সামগ্রিক অর্থনীতিতে সংকট বাড়বে বলে তিনি মনে করেন।
মার্চ শেষের প্রতিবেদনে দেখা গেছে, এসময়ে সবগুলো ব্যাংকের স্প্রেডের গড় দাঁড়িয়েছে ৫ দশমিক ৫ শতাংশীয় পয়েন্টে। ডিসেম্বর প্রান্তিক শেষে গড় স্প্রেড ৫ দশমিক ৪৬ শতাংশীয় পয়েন্ট ছিলো। আলোচ্য সময়ে আমানত ও ঋণের সুদ হারের ব্যবধান ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে সীমিত রাখতে পারেনি-অগ্রণী, বেসিক, ব্র্যাক, ডাচ-বাংলা, যমুনা, এবি, ন্যাশনাল, সিটি, আইএফআইসি, ইউসিবিএল, পূবালী, উত্তরা, ইস্টার্ন, প্রাইম, ঢাকা, এসআইবিএল, ওয়ান, বাংলাদেশ কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক এবং বিদেশি মালিকানার উরী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, সিটি ব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, হাবিব ব্যাংক, স্টেড ব্যাংক অব ইন্ডিয়া ও ব্যাংক আল-ফালাহ লিমিটেড। তবে এ সময়ে সবচেয়ে বেশি স্প্রেড দেখা গেছে বিদেশি মালিকানার ব্যাংকগুলোতে। এসময়ে বিদেশি ব্যাংকগুলোর স্প্রেডের গড় ব্যবধান দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশীয় পয়েন্টে, যা ডিসেম্বরে ছিল ৮ দশমিক ৭৬ শতাংশীয় পয়েন্টে।
