ডিমিউচ্যুয়ালাইজেশনের পর কর অব্যাহতি দাবি

আপডেট : ০৪ মে ২০১৩, ২০:২৯
স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশনের (ব্যবস্থাপনা পৃথকীকরণ) পর যথাক্রমে ৫ ও ৭ বছরের জন্য কর অব্যাহতি চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই ) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়মিত প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে দুই স্টক এক্সচেঞ্জ এ দাবি জানায়। সিএসই’র বাজেট প্রস্তাবে বলা হয়, ডিমিউচ্যুয়ালাইজেশনের পর স্টক মার্কেট অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে এর সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যয় বাড়বে। এ সময় করারোপ করলে তারল্য সংকট দেখা দেবে। তাই তাদের জন্য ৭ বছর কর অব্যাহতি দেয়া প্রয়োজন। বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন। এছাড়া অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুবিধা বহাল, ক্যাশ ডিভিডেন্টের করের সীমা বাড়ানো, কোম্পানি করহার কমানো, লভ্যাংশের ওপর কর কাটার বিধান প্রত্যাহার, পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ বহাল, শেয়ার প্রিমিয়ামের ওপর কর প্রত্যাহার, কর অবকাশপ্রাপ্ত কোম্পানি মোট আয়ের মধ্যে ১০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ বিধান প্রণয়ন, বাণিজ্যিক ব্যাংকের মত ব্রোকারেজ হাউজের আয়ের ১ শতাংশ পর্যন্ত মন্দ ঋণের জন্য সঞ্চিতির অনুমোদন, আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ১ লাখ এবং সেকেন্ডারি মার্কেটে ১৫ লাখ টাকার নিচে বিনিয়োগে ৫০ শতাংশ কর ছাড়ের প্রস্তাব দেয়া হয়। আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য সৈয়দ আমিনুল করীম, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসন, ডিএসইর সিইও স্বপন কুমার বালা, সিএসইর সভাপতি আল মারুফ খান ও বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের (বিএসইসি) নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ প্রমুখ।