সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা

সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র :বারাক ওবামা

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:২৫
বাশার সরকার বিদ্রোহীদের দমনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বিশ্বজুড়ে যখন এ নিয়ে তোড়জোড় চলছে তখন সিরিয়ায় সৈন্য পাঠানোর বিষয়টিকে উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার তিনি একথা জানান। এদিকে সিরিয়ায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির অস্ত্রভান্ডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাটি বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকে। মার্কিন কর্তপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) একথা জানায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন,‘ দেশটিতে সেনাবাহিনী প্রেরণের মত কোন পরিস্থিতি আমি দেখছি না। এ সিদ্ধান্ত বাতিল না করার কোন কারণও নেই। তাছাড়া যুক্তরাষ্ট্র তদন্ত করে দেখছে দুই বছরের গৃহযুদ্ধে বাশার সরকার কোন রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে কি না। ’ এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল সিরিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানান। তার এমন মন্তব্যের পরই দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে ঐ সিদ্ধান্ত আসলো। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন বলেছে, “বৃহস্পতিবার-শুক্রবারের মধ্যে হামলাটি চালানো হয়েছে। তবে ইসরাইলের যুদ্ধবিমানগুলো সিরিয়ার আকাশ সীমায় প্রবেশ করেনি।” সিরিয়ার কোনো রাসায়নিক অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে হামলাটি চালানো হয়নি বলে মনে করেন ঐ কর্মকর্তারা। তবে খবরটি তাত্ক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। সিএনএন’র প্রতিবেদনের উল্লেখ করে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ বিষয়ে ইসরাইল সরকারের কাছে জানতে চেয়েছেন। ওদিকে, জেরুজালেমে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তবে দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, “এ ধরনের প্রতিবেদনের বিষয়ে আমরা কোনো মন্তব্য করবো না।” ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের এক মুখপাত্র বলেন, “এসব প্রতিবেদনের বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না, কিন্তু আমরা যা বলতে পারি তা হলো, সিরিয়ার ক্ষমতাসীনদের হাত থেকে রাসায়নিক অস্ত্র বা পরিস্থিতি পাল্টে দেওয়ার মতো অন্যান্য অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে লেবাননের হিজবুল্লার হাতে চলে যাওয়া প্রতিরোধ করতে ইসরাইল দৃঢ় প্রতিজ্ঞ।” যুক্তরাষ্ট্রে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত জানান, ‘এই আক্রমণ নিয়ে আমরা বিচলিত নই।’ ২০০৬ সালের এক যুদ্ধে হিজবুল্লাহ ইসরাইলের সঙ্গে টানা ৩৪ দিন লড়াই করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ইসরাইলের যুদ্ধবিমান লেবাননের ওপর দিয়ে উড়ে গিয়েছিল এমন তথ্য সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের জানুয়ারিতে, সিরিয়ার একটি সামরিক বহরে বোমা হামলা চালায় ইসরাইল। আঞ্চলিক নিরাপত্তা সূত্র, সিরিয়ার বিদ্রোহী ও কূটনীতিকদের মতে, হিজবুল্লার উদ্দেশে পাঠানো অস্ত্রের চালান লক্ষ্য করে হামলাটি চালানো হয়।