পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের দল আগামী ১১ মে-এর নির্বাচন বয়কট করেছে। গতকাল শনিবার একটি আদালত মোশাররফের ১৪ দিন রিমান্ড মঞ্জুর করেছে। মোশাররফের অল পাকিস্তান মুসলিম লীগ দল দেশের নির্বাচন কমিশনের ব্যাপারে পক্ষপাতিত্বের অভিযোগ আনে। এর আগে আদালত ২০০৭ সালে সংবিধান রদ করে জরুরি অবস্থা জারির অভিযোগে মোশাররফের নির্বাচনে অংশ নেয়ার ওপর আজীবনের নিষেধাজ্ঞা জারি করে। একাধিক আদালত তার নির্বাচনে অংশ নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নির্বাচনে অংশ নেয়ার জন্য মোশাররফ গত মার্চে দেশে ফিরে আসেন। ২০০৮ সালে তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে স্বেচ্ছা নির্বাসনে যান। দেশে ফেরার পর বেনজির ভুট্টো হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। অল পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, মোশাররফের ওপর নিষেধাজ্ঞা তাদের বাধ্য করেছে নির্বাচন বয়কট করতে। মোশাররফ মামলায় লড়বেন, তিনি ন্যায়বিচার আশা করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সংশয় থেকেই তার দল নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। দলের ১৭০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অল পাকিস্তান মুসলিম লীগের এই পদক্ষেপ নির্বাচনে তেমন কোন প্রভাব ফেলবে না কারণ দলটি নতুন এবং এর প্রধান এখন বন্দি।
