ভেনিজুয়েলার নতুন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, সাবেক কলোম্বিয় নেতা আলভারো ইউরিবে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। তিনি বলেন, তার কাছে এ সংক্রান্ত যথেষ্ট প্রমাণাদি রয়েছে। শুক্রবার তিনি এ কথা বলেন। অবশ্য ডানপন্থি নেতা ইউরিবে মাদুরোর এ অভিযোগকে অস্বীকার করে বলেছেন,এটা সম্পূর্ণ অপরিপক্ক কথা, যার কোন ভিত্তি নেই।
নিকোলাস মাদুরো বলেন, আমাকে হত্যা করার ষড়যন্ত্র আগে থেকেই হচ্ছিল। বিশেষ করে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর গত মাসে আমি দেশটিতে নির্বাচিত হলে ইউরিবে এ ষড়যন্ত্রে লিপ্ত হন। তখন থেকেই তিনি এ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিলেন। তিনি অনেকটা সরাসরিই বলেন, ইউরিবে যে আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তাতে কোন সন্দেহ নেই। মাদুরো বলেন, এ ষড়যন্ত্রের খেলায় ভেনিজুয়েলার আরো কয়েকজন ডানপন্থি নেতা জড়িত রয়েছেন। এ অভিযোগের কয়েক ঘন্টা পরই ইউরিবে বলেন, এ ধরনের কথা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি বলেন, এ ধরনের কথার মাধ্যমে মাদুরো যে অনৈতিক পন্থায় ক্ষমতায় এসেছেন তারই বৈধতার সাফাই গাইছেন। তিনি বলেন, আমাদের একটাই কথা, নির্বাচন আবার দিতে হবে। কেননা এর কোন বিকল্প নেই। উল্লেখ্য গত ১৪ মে’র নির্বাচনে সামান্যতম ব্যবধানে জয়লাভ করেন নিকোলাস মাদুরো। বিরোধী দলের নেতা হেনরিক ক্যাপ্রিলেস অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের এ ফলাফলকে চ্যালেঞ্জ করেন। এরপর থেকেই দেশটিতে এ নিয়ে নানা কথাবার্তা চলছে।
