আফগানিস্তান ও পাকিস্তানে নতুন বিশেষ মার্কিন দূতের নাম ঘোষণা

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:২৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নতুন বিশেষ প্রতিনিধি হিসাবে জেমস ডবিনসের নাম ঘোষণা করেছেন। শুক্রবার তিনি এ ঘোষণা দেন। খবর সিনহুয়ার । জন কেরি এক বিবৃতিতে বলেন, আফগানিস্তান ও পাকিস্তানে এখন একটা গুরুত্বপূর্ণ সময় চলছে। এ অঞ্চলের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ। কেননা এখানকার রাজনীতি, নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়টি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এছাড়া পাকিস্তানে সামনে সাধারণ নির্বাচন। তাই এ দিকগুলোকে বিবেচনায় এনে নতুন এ বিশেষ দূতের নাম ঘোষণা করা হলো। তিনি বলেন, নতুন এ সিদ্ধান্তের বিষয়ে দুই দেশের নেতৃবৃন্দকে জানানো হয়েছে। ডবিনস ডিসেম্বরে বরখাস্ত হওয়া মার্ক গ্রোসম্যানের স্থলাভিষিক্ত হবেন।