ভারতের কারাগারে এবার পাকিস্তানি বন্দীর ওপর হামলা

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:২৬
পাকিস্তানি কারাগারে সহবন্দীদের হামলায় ভারতীয় নাগরিক সরবজিতের মৃত্যুর পর এবার ভারতের কারাগারে সহবন্দীদের হামলার শিকার হলেন এক পাকিস্তানি নাগরিক। গুরুতর আহত ওই বন্দীকে চন্ডিগড় হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। এর ফলে দেশ দুটির মধ্যকার সম্পর্কে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার। গতকাল শুক্রবার জম্মুর কট বালওয়াল কারাগারের বাগানে কাজ করার সময় পাকিস্তানি নাগরিক সানাউল্লাহর সঙ্গে সর্বজিতের মৃত্যু নিয়ে সহবন্দী বিনোদ কুমারের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ১৭ বছর ধরে ওই কারাগারে থাকা সানাউল্লাহকে (৫২) ইট দিয়ে মাথায় আঘাত করে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দী উত্তরখণ্ডের বাসিন্দা বিনোদ। সঙ্গে সঙ্গে সানাউল্লাহকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চন্ডিগড় হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। জম্মু এবং কাশ্মীরের সরকার এ ঘটনায় ওই কারাগারের তত্ত্বাবধায়কসহ দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে। পাকিস্তান সরকার সানাউল্লাহকে দেশে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে এবং মানবিক দিক বিবেচনা করে তাকে মুক্তি দেয়ার দাবিও জানায়। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনোদ কুমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনে পুলিশ বিশেষভাবে তদন্তের ব্যবস্থা করবে। এ ঘটনার পর ভারত সরকার বিভিন্ন কারাগারে বন্দী পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা জোরদার করেছে।