পাকিস্তানের কারাগারে বন্দীদের হামলায় ভারতীয় নাগরিক সরবজিত সিংয়ের মৃত্যুর প্রতিবাদে কলকাতায় টিপু সুলতান মসজিদের সামনে পাকিস্তানের পতাকা পোড়ালেন কয়েক হাজার মুসল্লি। শুক্রবার জুম্মার নামাজের পর পতাকা পোড়ানোর পাশাপাশি দাবি তোলা হয় সরবজিতের পরিবারকে এক হাজার কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে পাকিস্তান সরকারকে। গত বৃহস্পতিবার পাকিস্তানের হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান সরবজিত। এরপর ভারত জুড়ে নিন্দার ঝড় ওঠে। কলকাতায়ও শুরু হয় প্রতিবাদ। শুক্রবার জুম্মার নামাজের পর কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে শ্লোগান ওঠে সরবজিত আমার রহে। প্রতিবাদকারী সংগঠন অল ইন্ডিয়া ফালাহ উল মুসলিমীনের চেয়ারম্যান সামি মুবারকি ইত্তেফাককে জানিয়েছেন, ভূমিপুত্র সরবজিতের মৃত্যুর জন্য পাকিস্তান সরকারকে ক্ষমা চাইতে হবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ এক হাজার কোটি রুপি দিতে হবে। এছাড়াও পাকিস্তানের জেলে বন্দী সমস্ত ভারতীয়দের অবিলম্বে মুক্তি দিতে হবে।
