আজ সাভারের রানা প্লাজার বিপর্যয়ে বিরোধী দল বলছে সরকার দায়ী। সরকারি দল খুব বড় গলায় বিচার করার আশ্বাস দিচ্ছে। কিন্তু সরকার কী ধরনের বিচার করবে বা সরকার বা রাষ্ট্র এই অপরাধ বা ক্ষতির জন্য কী বিচার করতে পারবে ? না কিছুই করতে পারবে না নাশকতাকারীর। কারণ এই ধরনের নাশকতাকে আইনে অপরাধ বলে সংজ্ঞায়িত করা হয়নি এবং শাস্তির কোনো বিধান নেই। যে কোনো বিবেকবান ব্যক্তি বলবেন ২০০/৩০০ লোককে ডেকে এনে মেরে ফেললে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। দুঃখজনক হলেও সত্য যে, সাভারের এত বড় হত্যার বিচারে ত্রুটিপূর্ণ ইমারতের মালিক ও গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি কোনোভাবে দেয়া যাবে না। কারণ আইন যেখানে নেই সেখানে শাস্তি দেবেন কিভাবে। ৫/৬ বছর মামলা চলবে, তারপর ২/১ বছর নানা কারণে জেল। তারপর শেষ। একেই বলে আইনের ফাঁক। এই ফাঁক রোধ করা প্রয়োজন। ত্রুটিপূর্ণ ইমারত নির্মাণজনিত হত্যার বিচার বিষয়ক আইন প্রয়োজন।
আইন হলো রাষ্ট্রের বিধি, যা নাগরিকেরা সুষ্ঠু সমাজজীবনের জন্য মানতে বাধ্য। ইমারত/ভবন নির্মাণে অবহেলাজনিত কারণে প্রাণনাশ বা হত্যার বিপরীতে ইমারত বা ভবনের মালিক, ডেভেলপার, প্রকৌশলী ও কন্ট্রাক্টরদের বিরুদ্ধে কোনো প্রকার সর্বোচ্চ শাস্তির বিধান নেই। এদের বিরুদ্ধে দ্রুত সর্বোচ্চ শাস্তির বিধান করা প্রয়োজন। তাহলে ত্রুটিপূর্ণ ইমারত নির্মাণজনিত হত্যা বন্ধ হবে বলে আশা করি। এই আইনটি পাস করার জন্য সংসদ সদস্যদের কাছে অনুরোধ জানাচ্ছি।
কাজী মাহমুদুর রহমান, ২৭১ নদ্দাপাড়া, দক্ষিণখান, ঢাকা
