রাজশাহী ও কিশোরগঞ্জে প্রতারণা করে গ্রাহকদের বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। বর্তমানে তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজশাহী অফিস জানায়, রাজশাহীর বহুল আলোচিত প্রতারণাকারী ‘ডিজিটাল বিজনেস প্লাস লি.-এর ম্যানেজিং ডাইরেক্টর আহসানুল আজিম রাজিবের বাবা ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এহসানকে (৫০) অবশেষে পুলিশ আটক করেছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে কাদিরগঞ্জ নগরভবনের সামনে থেকে আটক করে থানায় নিয়ে যায়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আটক আবু বকর সিদ্দিক এহসানের ছেলে ডিজিটাল বিজনেস প্লাস লি.-এর ম্যানেজিং ডাইরেক্টর আহসানুল আজিম রাজিব আত্মগোপনে রয়েছেন। রাজিবের বাবা আবু বকর সিদ্দিক এহসান ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়ায় গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, গ্রাহকদের প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাত্ করে অফিস গুটিয়ে কিশোরগঞ্জ শহর থেকে উধাও হয়ে গেছে ম্যাক্সিম সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি হায় হায় কোম্পানি। গতকাল শনিবার দুপুরে শহরের ঈশা খাঁ রোডে ভুঁইয়া সুপার মার্কেটে অবস্থিত কোম্পানির শাখা অফিসে গিয়ে অফিস তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। অনেক গ্রাহককে অফিসের সামনে দাঁড়িয়ে আহাজারি করতে দেখা যায়। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ কোম্পানির পরিচালক মো. মনিরুজ্জামানকে (৫০) গ্রেফতার করেছে।
