লাশ বহনকারী এম্বুলেন্সে ডাকাতি

বদরগঞ্জে এএসআইসহ ৪ পুলিশ সদস্য ক্লোজড

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:২৮
দায়িত্বে অবহেলার অভিযোগে বদরগঞ্জ থানার এএসআই দুলাল চন্দ সহ ৪ পুলিশ কনস্টেবলকে রংপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। থানা সূত্রে জানা যায়, উপজেলার রংপুর-বদরগঞ্জ সড়কে গতকাল শনিবার ভোরে ডাকাতদের কবলে পড়ে সাভারের রানা প্লাজায় নিহত শ্রমিক খাদিজা বেগমের লাশ বহনকারী এ্যাম্বুলেন্স। এসময় ডাকাত দলের সদস্যরা এ্যাম্বুলেন্সে থাকা নিহতের পরিবারের কাছ থেকে লাশ দাফনের জন্য সরকারিভাবে প্রদানকৃত ২০ হাজার টাকাসহ নগদ ৩২ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ব্যাপারে বদরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মন্মতপুর ইউনিয়নের তাজনগর মাজাপাড়ার ইউনুছ আলী স্ত্রী নিহত খাদিজা বেগমের লাশ নিয়ে গতকাল এ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফিরছিলেন। এ্যাম্বুলেন্সটি বদরগঞ্জ উপজেলার রংপুর-বদরগঞ্জ সড়কের এরশাদ ব্রিজ এলাকায় পৌঁছলে রাস্তায় গাছ ফেলে বেরিকেড সৃষ্টি করে একদল ডাকাত। এ সময় তারা এ্যাম্বুলেন্সে থাকা সকলকে জিম্মি করে নগদ ৩২ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খাদিজার আত্মীয়-স্বজনদের শত আকুতিও ডাকাতদের মন গলাতে পারেনি। খাদিজা বেগম সাভারের রানা প্লাজার ৩ তলার একটি গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন। ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে অসংখ্য মানুষকে ওই মৃত্যুকূপ থেকে উদ্ধার করা গেলেও খাদিজার সন্ধান মেলেনি। গত ১০ দিন ধরে জীবিত অথবা নিহতের মিছিলে খাদিজাকে খুঁজছিল তার আত্মীয়-স্বজনরা। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে যখন উদ্ধার কাজ চলছিল তখনই খুঁজে পাওয়া যায় তাকে। সীমাহীন যন্ত্রণার মাঝে খাদিজার লাশ খুঁজে পেয়ে আনন্দে অশ্রুও ছিল না কারো চোখে। শুধু এক চিলতে সান্ত্বনা লাশ অন্তত পাওয়া গেল।