বটিয়াঘাটায় খুবি ছাত্রের মোটরসাইকেল ছিনতাই

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:২৮
উপজেলার জিরো পয়েন্ট এলাকা থেকে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) পড়ুয়া ছাত্রের মোটর সাইকেল ছিনতাই হয়েছে। বটিয়াঘাটার হেতালবুনিয়া গ্রামের পুর্ণেন্দু বিশ্বাসের পুত্র অপু বিশ্বাস বিশ্ববিদ্যালয় থেকে শুক্রবার সন্ধ্যায় তার মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার সময় জিরো পয়েন্টের দক্ষিণে মৃধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে সাদা রঙের একটি প্রাইভেট কার তার গতিরোধ করে। ডিবি পুলিশের লোক পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চান প্রাইভেটের আরোহী। অপু কাগজ বের করতে গেলে পেছন থেকে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করা হলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। মুহূর্তেই তারা অপুর কালো রংয়ের ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর অপুর জ্ঞান ফিরলে সে ভার্সিটিতে তার বন্ধুদের ফোন দিলে তারা তাকে গল্লামারী রাইসা ক্লিনিকে ভর্তি করে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাদা রংয়ের একটি প্রাইভেট কার নিয়ে ছিনতাইকারীরা বিভিন্ন ছদ্মবেশে রূপসা ব্রিজের পাশে, জিরো পয়েন্ট, সাচিবুনিয়া মোড়, পিপড়ামারী, হোগলাডাংগা মোড়, ফুলতলা বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে একইভাবে ছিনতাই করে চলেছে। বিষয়টি নিয়ে বটিয়াঘাটা থানার ওসি এনামুল হকের সাথে আলাপ করলে তিনি ইত্তেফাককে বলেন, ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ এলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে।