‘আমি সংলাপের কথা বললাম, উনি গেলেন সংঘাতের পথে’

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৩৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে তার দেয়া সংলাপের প্রস্তাবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ইতিবাচক সাড়া না দেয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শেখ হাসিনা বলেন, আমি উনাকে (খালেদা) সংলাপের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু উনি সংঘাতের পথ বেছে নিয়েছেন। প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, আমাদের আলোচনার দরজা এখনো উন্মুক্ত। গণতন্ত্র বিপন্ন করে দেশকে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিবেন না। প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়ার কথা ইত্তেফাককে জানান তার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল। এদিকে গতকাল শাপলা চত্বরের জনসভায় দেয়া বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ৪৮ ঘণ্টা কেন, ৪৮ মাসেও অযৌক্তিক ও অসাংবিধানিক দাবি পূরণ হবে না। খালেদা জিয়া যে সংলাপ নয়, সংঘাত চান তা দেশবাসী দেখলো। তাদের অপতত্পরতা মাঠে-ময়দানে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে ১৪ দল। নাসিম বলেন, চার বছর ধরেই খালেদা জিয়া আল্টিমেটাম দিয়ে যাচ্ছেন। আল্টিমেটাম তার ফাঁকা আওয়াজ। একটি নির্বাচিত সরকার কখনো এ ধরনের হুমকি-ধমকিতে ভয় পায় না। আর আওয়ামী লীগকে রাজপথে ভয় দেখিয়েও কোন লাভ নেই। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, বিরোধীদলীয় নেতার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচায়ক। তিনি নির্বাচন নয়, অন্য কোন পন্থায় ক্ষমতায় যেতে চান। মেনন বলেন, সরকারের প্রতি বিএনপি নেত্রী এর আগেও অনেক আল্টিমেটাম দিয়েছেন। কিন্তু কোনটিই কার্যকর হয়নি। এবারও তার আল্টিমেটাম কোন কাজে আসবে না। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, নির্বাচন কার নেতৃত্বে আর কি পদ্ধতিতে হবে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব মনে করেই প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংলাপের প্রস্তাব দিয়েছেন। নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঠিক করার জন্যই সংলাপ। কিন্তু সংলাপের আহ্বানে সাড়া না দিয়ে খালেদা জিয়া গতকালের সমাবেশে সুনির্দিষ্ট করে এ রূপরেখা দিয়ে তা বাস্তবায়নের জন্য চাপ দিয়ে প্রকারান্তরে সংলাপকে অস্বীকার করলেন। এটা রাজনৈতিক গোয়ার্তুমি ছাড়া আর কিছু নয়। তার দেয়া আল্টিমেটামে মনে হয়েছে, উনি রাজপথে উত্তেজনা অব্যাহত রাখতে সংলাপকে পাশ কাটিয়ে কালক্ষেপণের নীতি গ্রহণ করেছেন। এটি তার জন্য কোন সুফল বয়ে আনবে না। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে খালেদা জিয়া দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। তার কাছ থেকে সংলাপ প্রত্যাখ্যানের ঘোষণা জাতি প্রত্যাশা করেনি। তিনি এখনো সাংবিধানিকভাবে বিরোধী দলীয় নেতা। তিনি যে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন, মনে হয় সেটা বাড়াতে হবে। কারণ এর আগে বহু আলটিমেটামের মেয়াদ তিনি বাড়িয়েছেন। রাজনৈতিকভাবে খালেদার আলটিমেটাম প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার চায়ের দাওয়াতের বিষয়ে সুরঞ্জিত বলেন, তিনি আমাদের আহ্বানে সাড়া দেননি। সুতরাং তার দাওয়াত রক্ষা প্রধানমন্ত্রীর জন্য কঠিন হবে। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে খালেদা জিয়া সাড়া না দিয়ে প্রমাণ করেছেন তিনি দেশে শান্তি চান না। ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রসঙ্গে তিনি বলেন, সাংবিধানিকভাবে বিরোধী দলীয় নেতা কখনো এ ধরনের আলটিমেটাম দিতে পারেন না। তিনি বিরোধী দলীয় নেত্রীকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে সংলাপ একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে সংলাপের প্রস্তাব দিয়ে যে উদারতার পরিচয় দিয়েছেন তা গণতান্ত্রিক মূল্যবোধের বহিঃপ্রকাশ, কিন্তু খালেদা জিয়া সংলাপে শর্ত জুড়ে দিয়ে মূলত সংলাপের প্রস্তাবকে নাকচ করে দিলেন। এর ফলে রাজনৈতিক অঙ্গনে যে সংঘাত সৃষ্টি হবে তার দায় দায়িত্ব খালেদাকেই নিতে হবে।