তত্ত্বাবধায়ক আর ফিরে আসবে না

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৩৯
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। ক্ষমতাসীন এ জোটের শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, তত্ত্বাবধায়ক দাবি আর ফিরে আসবে না। জনগণ যে রায় দেবে, আমরা তা মেনে নেব। আসলে জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচন চায় না। তারা নির্বাচনের বদলে বাইরের হস্তক্ষেপ চায়। কিন্তু বিরোধীদলীয় নেত্রীর সেই স্বপ্ন কোনদিন পূরণ হবে না। গতকাল শনিবার বিকালে উত্তরায় রবীন্দ্র সরণির পূর্ব প্রান্তে আয়োজিত সমাবেশে ১৪ দলের জনসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ এবং বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কী হবে আসুন তা নিয়ে আলোচনা করি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমরা হতে দেব না। তিন মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় থাকবে- তা হতে পারে না। আগামী নির্বাচনে জনগণ যে রায় দেবে, আমরা তা মেনে নেব। কিন্তু কেয়ারটেকার হবে না, হবে না, হবে না। হেফাজতে ইসলামের উদ্দেশ্যে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন। নইলে এমন অবস্থা হবে, বাটি চালান দিয়েও আপনাদের খুঁজে পাওয়া যাবে না। বাংলার মানুষ সবচেয়ে বড় মুসলমান। আপনাদেরকে বাংলার মানুষকে মুসলমান করতে হবে না। সাপকে বিশ্বাস করলেও আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না—খালেদা জিয়ার এই বক্তব্যের জবাবে তিনি বলেন, আপনার বিশ্বাস আমাদের দরকার নেই। জনগণ বিশ্বাস করলেই আমরা খুশী। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, বিএনপি নির্বাচন চায় না। তারা ক্ষমতার বদলে বাইরের হস্তক্ষেপ চাচ্ছে। জামায়াত ও হেফাজতকে দিয়ে হুমকি-ধামকি দিয়ে কোন লাভ হবে না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিরোধীদলকে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আলোচনায় অংশ নেয়ার আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগের পতন ঘটানোর মতো রাজনৈতিক ক্ষমতা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেই। তাই নৈরাজ্য সৃষ্টি করে, অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের কাছ থেকে কোন দাবি আদায় করা যাবে না। জাসদের শিরীন আখতার হেফাজতে ইসলামীর নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য হেফাজতে ইসলাম কাজ করছে। হেফাজতে ইসলামের প্রতি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালনের আহবান জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, দুই নম্বরি করলে আমরা রাজপথে থাকবো। উত্তরা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।