চট্টগ্রামে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, আহত আরো ৩ জন

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৪০
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে রোদেলা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আগুনে আহত হয়েছে আরো ৩ জন। হতাহতরা সকলেই একই পরিবারের সদস্য। ফায়ার সার্ভিস জানায়, কালুরঘাট বিসিক শিল্প এলাকায় শুক্রবার দিবাগত রাত দেড়টায় জনৈক জাকারিয়ার বসতঘরে আগুনের সৃষ্টি হয়। এ সময় পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে ২ শিশুসহ পরিবারের ৪ জনের সকলেই অগ্নিদগ্ধ হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে যায়। পরে চিকিত্সাধীন অবস্থায় রোদেলা নামে এক শিশু মারা যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।