বেগমগঞ্জের আলাইয়ারপুরে শনিবার সকালে স্থানীয় সন্ত্রাসী কাকন কতিপয় সঙ্গী নিয়ে প্রবাসী হারুন রশীদকে (৩০) অপহরণ করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে আলাইয়ারপুর গ্রামের বচন মিয়ার পুত্র প্রবাসী হারুন রশীদ ঢাকা যাবার উদ্দেশে বাড়ি থেকে রওয়ানা হওয়ার পর পার্শ্ববর্তী নেয়াজপুর গ্রামের লেদুমিয়ার পুত্র সন্ত্রাসী কাকন হারুনকে অপহরণ করে। অপহরণকারীরা মোবাইল ফোনে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। হারুনের স্ত্রী রেজিয়া বেগম বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হারুনকে উদ্ধার করা যায়নি। পারিবারিক সূত্র জানায়, কাকন ও তার দলের লোকেরা হারুনের নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। উল্লেখ্য, বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন থেকে সক্রিয়। এলাকাবাসী সন্ত্রাসীদের হাতে জিম্মি ।
