ভারতের রেলমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৪০
ভাগনের ঘুষ কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন ভারতের রেলমন্ত্রী পবন কুমার বানশাল। গতকাল শনিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে তিনি এই প্রস্তাব দেন। পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে করেছে তার দল কংগ্রেস। দলটির কোর গ্রুপের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার। বৈঠকে প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং দলের গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিত থাকার কথা। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের বৈঠক করে বের হওয়ার সময় পবন কুমার বানশাল সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে এক বিবৃতিতে কোনো ধরনের ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন তিনি। শুক্রবার তার বোনের ছেলে বিজয় সিঙ্গালাকে গ্রেফতার করে ভারতের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। তাকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শনিবার রেল বোর্ডের সদস্য মহেশ কুমারকে ৯০ লাখ রুপিসহ আটক করে সিবিআই। পদোন্নতি পেতে তিনি পবন বানশালের ভাগনে বিজয় সিঙ্গালাকে ওই টাকা দিতে যাচ্ছিলেন। তার তথ্যের ভিত্তিতে বিজয় সিঙ্গালাকেও গ্রেফতার করে সিবিআই। এই দু’জন ছাড়াও সন্দীপ গোয়েল ও মঞ্জুনাথ নামে চার ব্যক্তির নামে মামলা করেছে সিবিআই। সংস্থাটির ধারণা, ঘুষের পরিমাণ প্রায় ১০ কোটি রুপি।