আমাদের আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় আসুন

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৪৩
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংলাপে বসতে বিরোধী দলীয় নেত্রীর প্রতি আবারো আহ্বান জানিয়ে বলেছেন, আমরা আলোচনার আহ্বান জানিয়েছি। এ আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় বসুন। মানুষ হত্যা ও নৈরাজ্য বন্ধ করে সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসুন। গতকাল শনিবার সকালে গণভবনে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দুর্যোগময় মুহূর্তে সমাবেশ করার সিদ্ধান্তে বিএনপি অটল থাকায় দলটির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, মানবিক দিক বিবেচনা করে সমাবেশ প্রত্যাহারের অনুরোধ জানালাম। তারপরও উনারা সমাবেশ করবেন, এটা না করে ওই অর্থ তিনি সাভারের দুর্গতদের দিতে পারতেন। উনি সমাবেশ করে আমাদের গালমন্দ করবেন, তারপর গাড়ি ভাংচুর করবেন। কিন্তু এসব করে দেশ ও মানুষের কোন উপকার হবে না। তিনি বলেন, আসলে বিরোধী দলের আন্দোলনের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার বানচাল করা। তবে তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়বো। রাজাকারের ঠাঁই এদেশে হবে না। তাদের (যুদ্ধাপরাধী) বাঁচাতে পারবেন না। এদের বাঁচাতে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করুন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বঙ্গবন্ধুর চিহ্নিত হত্যাকারী আব্দুর রশিদের ‘বিরোধী দলীয়’ নেতা হওয়ার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কীভাবে তিনি (খালেদা জিয়া) খুনিদের প্রশ্রয় দেন? মূলত খুনীদের প্রশ্রয় দেয়া বিএনপির চরিত্র। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঘাতক এবং যুদ্ধাপরাধীদের রক্ষায় বিরোধী দলীয় নেতা আন্দোলনের নামে মানুষ হত্যা করছে। আর তাদের সঙ্গে আছে জামায়াত। তিনি বলেন, আর কতো মানুষ হত্যা করবেন? জনগণের ওপর আস্থা রাখুন। আলোচনায় আসুন। যত ষড়যন্ত্রই করুন যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে এদের প্রতিহত করতে হবে। সংগঠনকে শক্তিশালী করে জনগণের কল্যাণে দলের সব পর্যায়ের সদস্যদের কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদেশের জনগণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কারো দরদ নেই। দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বরগুনা ও পটুয়াখালীর মাঝামাঝি রামনাবাদে সমুদ্রবন্দর, ওই এলাকায় নৌ-বাহিনীর বর্তমান ঘাঁটিকে পূর্ণাঙ্গ করা, জাহাজ নির্মাণ এবং জাহাজ ভাঙা শিল্প গড়ে তোলার ইচ্ছার কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ওই এলাকায় জলদস্যুদের মোকাবেলায় সরকার পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই সাভারের ভবন ধসের ঘটনায় নিহতদের প্রতি শোক, আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, ওই ঘটনায় যারা অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছেন, তাদের প্রশিক্ষণ এবং পুনর্বাসনের পদক্ষেপ সরকার নিয়েছে। ইতিমধ্যে এক হাজার শ্রমিকের চাকরির ব্যবস্থাও করা হয়েছে। প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর তার সভাপতিত্বে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দলের জেলার সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে লিখিত রিপোর্ট উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর। জেলা আওয়ামী লীগ সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপিসহ উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক এবং মহিলা আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এতে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, কাজী জাফর উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, আহমেদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।