রংপুরে হেফাজতকে প্রতিহতের ঘোষণা

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৪৪
হেফাজতে ইসলামের ১৩ দফা প্রত্যাখ্যান এবং তাদের সব কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দিয়েছে রংপুরের নারী সমাজ। গতকাল শনিবার দুপুরে রংপুর টাউন হলের সামনের সড়কের প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চের আহ্বানে এবং জেলার নারী সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদী নারী গণসমাবেশে এই ঘোষণা দেয়া হয়। সমাবেশে জেলার বিভিন্ন এনজিও, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার নারী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা হেফাজতের ১৩ দফা প্রত্যাখ্যান করে বলেন, ইসলাম নয় বরং জামায়াতে ইসলামকে হেফাজত করতেই ওরা মাঠে নেমেছে। জামায়াত-শিবিরের মদদে ওরা দেশ, জনগণ ও নারী বিরোধী এসব দাবি তুলেছে। ঘৃণিত যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করাই যার উদ্দেশ্য। বক্তারা আরো বলেন, দেশের নারীদের অগ্রগতি রুখতে নারী উন্নয়ন নীতিমালা বাতিল, এনজিও বন্ধ করার ষড়যন্ত্র করছে হেফাজতে ইসলাম। বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, নারীদের ঘরের চার দেয়ালে বন্দী করার ষড়যন্ত্র এদেশের প্রগতিশীল নারী সমাজ কখনোই বাস্তবায়ন হতে দেবে না। হেফাজত এ চক্রান্ত না থামালে নারীদের নিয়ে জেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বক্তারা। ‘কর্মজীবী নারী’র জেলা কমিটির সভাপতি মাহমুদা রহমানের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট রেজিনা রাজ্জাক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাছনা চোধুরী, নারী নেত্রী মারহামাতুননেছা, এডভোকেট হোসনে আরা লুত্ফা ডালিয়া, মনোয়ারা বেগম প্রমুখ। সমাবেশের আগে প্রজন্ম চত্বর থেকে একটি বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।