বন্দর নগরীতে গতকাল শনিবার ঝড়ো হাওয়া ও বর্ষণে কয়েক ঘণ্টার জন্য জনজীবন স্থবির হয়ে পড়ে। পথচারীরা আটকা পড়ে যায়। জমে থাকা বৃষ্টির পানিতে গণপরিবহনসহ সকল ধরনের যানবাহন চলাচল ক্ষণিকের জন্য বন্ধ হয়ে যায়। পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবীসহ সকল পেশার মানুষ বিভিন্নস্থানে আটকা পড়ে। নগরীর নিচু এলাকা বহদ্দারহাট, শুলকবহর, কাপাসগোলা, ২ নম্বর গেট, প্রবর্তক মোড়, তিন পোলের মাথা, কাতালগঞ্জ, হালিশহরসহ আরো অনেক এলাকায় পানি জমে যায়। বাসা, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে।
দোহাজারীতে কালবৈশাখী
দোহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, কালবৈশাখীতে গতকাল শনিবার চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। দোহাজারীতে দুই শতাধিক কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ও তার ছিঁড়ে বিকাল ৪টা থেকে কয়েকটি গ্রাম বিদ্যুত্হীন হয়ে পড়ে। শত শত একর বোরোক্ষেত ক্ষতিগ্রস্ত হয়।
